'৪২ বছর পর হলেও বিচার পেয়ে আমি সন্তুষ্ট'
অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহসহ নিরীহ লোকদের হত্যার অভিযোগে সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ে সন্তুষ্ট হয়ে নূতন চন্দ্র সিংহের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রত্যয় ’৭১ বাংলাদেশ। এ উপলক্ষে ৩ অক্টোবর রাউজানের কুণ্ডেশ্বরী ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় শহীদ নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ একাত্তরে তাঁর বাবার হত্যার নৃশংস চিত্র তুলে ধরে বলেন, ৪২ বছর পর হলেও বিচার পেয়ে আমি সন্তুষ্ট। আদালতের রায় বাস্তবায়িত হলে শহীদের আত্মা শান্তি পাবে।
প্রত্যয় ৭১-এর সভাপতি সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদিকা শামীমা হারুন। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার তোফায়েল আহম্মদ, শহীদ শেখ মোজাফফর আহমদের দৌহিত্র সাইফুদ্দীন খালেদ, আব্দুল হালিম, পরিতোষ বড়ুয়া, স্থপতি সোহেল শাকুর, অধ্যাপিকা ফাতেমা জামান, জিশান জায়সী ইসলাম, মো. সাহাব উদ্দিন, নাজনীন আক্তার, ইউসুফ খান প্রমুখ। বিজ্ঞপ্তি।