
অধ্যাপক এম ইউ কবীর চৌধুরী ত্বকের চিকিৎসা করছেন প্রায় ৪০ বছর। রাজধানীর ব্যস্ততম চিকিৎসকদের মধ্যে তিনি একজন। কিন্তু খটকা লাগে, এত ব্যস্ততার মধ্যে ১ হাজার ১৩০ পৃষ্ঠার বই লেখার সময় এই চিকিৎসক পেলেন কী করে। এই প্রতিবেদককে কবীর চৌধুরী বলেছেন, ‘২০ বছর ধরে এই বই লিখেছি।’
বইয়ের নাম কবীর’স ডারমাটোলোজি ইন প্র্যাকটিস। বইটির দাম তিন হাজার টাকা। তবে বইয়ের শুরুতে বলা হয়েছে, ‘এই বই বিক্রি করে যে লাভ হবে, তা দরিদ্র রোগীদের চিকিৎসায় ব্যয় করা হবে।’ বইটি বের হয়েছে গত বছর।
কবীর চৌধুরী বলছেন, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীর জন্য এটি পাঠ্যবই। তবে সাধারণ চিকিৎসকেরাও এই বই থেকে উপকার পাবেন। নারী-পুরুষ, আবালবৃদ্ধবনিতা—সব শ্রেণির মানুষ অধ্যাপক কবীর চৌধুরীর রোগী। ত্বকের সমস্যা নিয়ে নতুন ও জটিল রোগী এলেই চিকিৎসার ফাঁকে তিনি রোগের স্থানের ছবি তুলে রাখেন। রোগ হলে ত্বকের অবস্থা কেমন হয়, তা বর্ণনা করার পাশাপাশি বইয়ে তিনি ছবিও যুক্ত করেছেন।
রোগ ব্যবস্থাপনা ও আরোগ্য লাভ করার মধ্যে একটি সরল সমীকরণ তৈরি করেছেন প্রবীণ এই চিকিৎসক। এটা তাঁর অভিজ্ঞতার ফসল। সমীকরণটি তিনি দিয়েছেন বইয়ের শেষ মলাটে (৬ ডি=২ সি)। তিনি বলছেন, চিকিৎসক (ডক্টর) রোগ (ডিজিজ) শনাক্ত (ডায়াগনোসিস) করে সঠিক মাত্রায় (ডোজ) সুনির্দিষ্ট সময় (ডিউরেশন) ধরে ওষুধ (ড্রাগ) খাওয়ার পরামর্শ দিলে রোগী আরোগ্য লাভ (কিওর) করবে। শেষে তিনি বলেছেন, আরোগ্য লাভ সম্ভব না হলে রোগ প্রতিরোধেই (কন্ট্রোল) জোর দেওয়া উচিত।