পল্লব সিংহর বয়স মাত্র ১৩। এই বয়সে বিখ্যাত ব্যক্তিত্বের ভাস্কর্য বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে সে। যশোর সদর উপজেলার বিরামপুর গ্রামে বেড়ে ওঠা এই কিশোর এবার পড়তে যাচ্ছে দেশের বাইরে।

প্রথম কোন ভাস্কর্যটি বানিয়েছ?
প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের সাত ফুট লম্বা একটি ভাস্কর্য তৈরি করি। ওটা দেখে সবাই প্রশংসা করে। তখনই আগ্রহ বাড়ে। তারপর থেকে ভাস্কর্য তৈরি শুরু করি।
এখন পর্যন্ত কতগুলো ভাস্কর্য তৈরি করেছ?
সাত বছর বয়স থেকে ভাস্কর্য তৈরি করি। এখন পর্যন্ত আমি ৭০টার বেশি ভাস্কর্য বানিয়েছি। এর মধ্যে রয়েছে মহাত্মা গান্ধী,কাজী নজরুল ইসলাম, প্রণব মুখার্জি, নেলসন ম্যান্ডেলা, সৌরভ গাঙ্গুলী, সহ অনেকে। অনেক ভাস্কর্য উপহার হিসেবে দিয়েছি।
তুমি নাকি দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছ?
এ বছর আমি যশোর জিলা স্কুলে অষ্টম শ্রেণীতে উঠলাম। কিন্তু আমার পারিবারিক অবস্থা ভালো না। বাবা দরজির কাজ করেন। পড়াশোনার খরচ জোগানো কঠিন। কিন্তু ভাগ্যক্রমে আমি ভারতে পড়াশোনার সুযোগ পেয়েছি। ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে অবস্থিত আবাসিক আদিবাসী বিশ্ববিদ্যালয় কলিঙ্গ ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সে (কেআইএসএস) বিনা মূল্য পড়ার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার।
তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
আমি পড়াশোনা শেষ করে দেশে আসতে চাই। ভাস্কর্য নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। সেই স্বপ্ন পূরণ করতে চাই।
সাক্ষাতকার: মো. রুবেল