'৭৭ জন' সাপ নিয়োগ দেবে এফডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিষদাঁত সিনেমায় বিশেষ এক চরিত্রে অভিনয় করেছেন নবাগত সাপ অ্যাঞ্জেল নাগিনা l ছবি: রস‍+আলো
বিষদাঁত সিনেমায় বিশেষ এক চরিত্রে অভিনয় করেছেন নবাগত সাপ অ্যাঞ্জেল নাগিনা l ছবি: রস‍+আলো

দেশের চলচ্চিত্রশিল্পকে তীব্র গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)। এ ধারা আরও অব্যহত রাখতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। সাপসংক্রান্ত চলচ্চিত্রের দৃশ্যগুলো আরও জীবন্ত করতে এবার অফিশিয়ালি সাপ নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রাণিবিষয়ক সম্পাদক জগলুল চৌধুরী বলেন, সামনে বেশ কয়েকটি সাপের সিনেমা আছে, সে জন্যই এত সাপ নিয়োগ দেওয়া হচ্ছে। এর মধ্যে নাগ-নাগিনীর প্রেম, বিষদাঁত ইত্যাদি চলচ্চিত্র অন্যতম।

এত সাপ নিয়ন্ত্রণ করতে কোনো ঝামেলা হবে কি না, জানতে চাইলে জগলুল বলেন, ‘নাহ্, বরং নায়ক-নায়িকাদের চেয়ে সাপ ম্যানেজ করা বেশি সহজ আমাদের জন্য। তারা ফোঁসফাঁস করলেও শিডিউল ফাঁসাবে না।’ তিনি আরও বলেন, এই চলচ্চিত্রগুলোতে সাপকে খুব গুরুত্ব দেওয়া হবে। যে সাপ বেশি ভালো করবে, তারা নায়ক, নায়িকা কিংবা ভিলেনকে কামড়ানোর সুযোগও পাবে।

আবেদন করার জন্য যা যা দরকার

১. প্রার্থীকে অবশ্যই সাপ হতে হবে। এ জন্য নিকটস্থ প্রাণিচিকিৎসক বা অভিজ্ঞ ওঝা দ্বারা সত্যায়িত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

২. আবেদনপত্রের সঙ্গে প্রার্থীকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই জমা দিতে হবে।

৩. বিষদাঁত না থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই ‘হিস হিস’ শব্দ করায় পারদর্শী হতে হবে।

সাপদের থাকা-খাওয়ার যাবতীয় দায়িত্ব এফডিসি বহন করবে। এ ছাড়া যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী পর্যাপ্ত দুধ-কলার ব্যবস্থা রয়েছে।