‘৯ নম্বর বাস’
কম্বাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে তখন ক্লাস সেভেনে পড়ি। আমরা স্কুলপড়ুয়া কয়েক বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম, চিড়িয়াখানায় যাব। কিন্তু আমাদের বন্ধুদের মধ্যে কেউই কোনো দিন চিড়িয়াখানায় যায়নি। তাই কীভাবে যেতে হয়, তা ছিল আমাদের অজানা। পাড়ার এক বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, চিড়িয়াখানায় কীভাবে যেতে হবে? তিনি পরামর্শ দিলেন, মিরপুর ১ নম্বরে গিয়ে ৯ নম্বর বাসে উঠলেই চিড়িয়াখানার সামনে নামিয়ে দেবে। আমরা যথারীতি মিরপুর ১ নম্বর গিয়ে ৯ নম্বর বাসে উঠলাম। ভাড়াও দেওয়া হলো। তেমন যানজট ছিল না সেদিন। ঘণ্টা খানেক পর বাস থামল। সবার সঙ্গে আমরাও বাস থেকে নামলাম। চতুর্দিকে চোখ ঘুরিয়ে চিড়িয়াখানা দেখতে না পেয়ে এক দোকানদারকে জিজ্ঞেস করলাম—ভাই, চিড়িয়াখানা কোন দিকে? প্রশ্ন শুনে লোকটা এমনভাবে তাকাল যেন, আমরাই চিড়িয়াখানার কোনো প্রাণী। তারপর আমাদের অবাক করে লোকটি হাসতে হাসতে বলল, চিড়িয়াখানা তো মিরপুরে, এটা তো গুলিস্তান। আসলে ৯ নম্বর বাস চিড়িয়াখানা থেকে গুলিস্তান এবং গুলিস্তান থেকে চিড়িয়াখানায় আসা-যাওয়া করে। আমরা ৯ নম্বর বাস দেখেই উঠে পড়েছিলাম। তখন বাসটি আসলে চিড়িয়াখানা থেকে গুলিস্তান যাচ্ছিল!! মিতুল খানদক্ষিণ সেওতা, মানিকগঞ্জ।