বয়স কমানোর ক্রিম সত্যি কার্যকর?
বাজারে ও বিজ্ঞাপনে অ্যান্টি এজিং বা বয়স কমানোর ক্রিম দেখা যায়। বেশি বয়সেও ত্বকের তারুণ্য ধরে রাখতে এসব ক্রিম সত্যি কার্যকর? বিষয়টি নিয়ে রয়েছে নানা বিতর্ক।
আসলে আমাদের ত্বক বুড়িয়ে যাওয়ার কারণ হলো ত্বকের কোলাজেন ও ইলাস্টিন কমে যাওয়া। এর ফলে ত্বকে ভাঁজ পড়ে বা কুঁচকে যায়। এই বিষয়টি ত্বরান্বিত করে সূর্যালোকের অতিবেগুনি রশ্মি। কেননা অতিবেগুনি রশ্মি সরাসরি ত্বকের ডিএনএ ও আরএনএর ক্ষতি করে কোলাজেন ইলাস্টিন তৈরিতে বাধা দেয়। তাই যাঁরা রোদে কাজ করেন, তাঁদের ত্বক দ্রুত বুড়িয়ে যায়। যেসব ক্রিমে সানস্ক্রিন দেওয়া আছে, তা সত্যি কিছুটা কাজে আসবে বইকি। কিছু ক্রিমে রয়েছে ভিটামিন এ এবং সি, যা ক্ষতিগ্রস্ত কোষকে দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে বলে দাবি করা হয়। ভিটামিন এ এবং সি-এর অ্যান্টি অক্সিডেন্ট ক্ষমতা থাকলেও এগুলো যে ত্বকের বয়স কমায়, তার সপক্ষে সরাসরি প্রমাণ নেই। আবার অনেক ক্রিমে রয়েছে আলফা ও বিটা হাইড্রক্সি উপাদান, যা অনেক সময় ত্বককে একটু উজ্জ্বল ও সুন্দর দেখাতে সাহায্য করে। কিন্তু তাই বলে বয়সজনিত পরিবর্তন ঠেকায় না। অস্ট্রেলিয়ার ডার্মাটোলজি অ্যাসোসিয়েশন বলছে, বয়স কমানোর ক্রিমের বাহাদুরি আসলে অনেকটা বাড়াবাড়ি, তবে নিয়মিত ত্বককে আর্দ্র রাখা, সানস্ক্রিন ব্যবহার করা, ধূমপান পরিহার, প্রচুর পানি ও তাজা ফলমূল বা সবজি খাওয়া—এমন অভ্যাস করে আপনি ত্বকের তারুণ্য ধরে রাখতে পারবেন দীর্ঘদিন। সূত্র: এবিসি হেলথ|