আটলান্টিক সিটিতে দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি
নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আটলান্টিক সিটির ফ্লোরিডা অ্যাভিনিউয়ে অবস্থিত সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে আগামী ৩ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত পূজার যাবতীয় শাস্ত্রীয় কর্মযজ্ঞ সম্পাদন করা হবে।
৩ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হবে এবং ৭ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গা পূজা শেষ হবে।
সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষের বিশ্বাস, অসুর শক্তি বিনাশকারী দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে সমাজ থেকে সব পাপ দূর হয়ে যাবে, ফিরে আসবে শান্তি। এ বছর দেবী দুর্গা মর্ত্যে আসছেন ঘোড়ায় চড়ে, বিদায়ও নেবেন ঘোড়ায় চড়ে। শারদোৎসবের বার্তা পেয়ে তাই প্রবাসী বাঙালি হিন্দুরা মেতে উঠেছে দুর্গোৎসবের হরেক আয়োজনে।
দুর্গোৎসবের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে—পূজা অর্চনা, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ। দুর্গা পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সিনিয়র শিল্পীদের সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মও অংশ নেবে। তাই মহড়াতে অংশগ্রহণকারীদের কলকাকলিতে বিকেল থেকে রাত পর্যন্ত মহড়া প্রাঙ্গণ মুখরিত থাকে।
আটলান্টিক সিটির দুর্গোৎসবে নিউজার্সি ছাড়াও নিউইয়র্ক, পেনসিলভানিয়াসহ অন্যান্য রাজ্য থেকেও প্রবাসী হিন্দুদের ব্যাপক সমাগম ঘটবে।