তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আয়েজউদ্দিন আহমদ, বীর প্রতীককয়েকজন জীবন্ত মাটি চাপা পড়লসকাল হতেই শুরু হলো ব্যাপক গোলাবর্ষণ। পাকিস্তান সেনাবাহিনীর ট্যাংক প্রতিরোধ যোদ্ধাদের কাছাকাছি অবস্থান নিয়ে তাঁদের ওপর গোলাগুলি করতে থাকল। একই সঙ্গে কামানেরও গোলাবর্ষণ। পাকিস্তানিদের প্রচণ্ড আক্রমণে মো. আয়েজউদ্দিন আহমদ ও তাঁর সহযোদ্ধারা বিপর্যস্ত। কামান ও ট্যাংকের গোলা এসে সরাসরি তাঁদের বাংকারে পড়ছে। গোলার আঘাতে বাংকার ধসে তাঁর কয়েকজন সহযোদ্ধা জীবন্ত মাটি চাপা পড়লেন। শেলের স্প্লিন্টারের আঘাতেও সহযোদ্ধারা আহত হচ্ছেন। তার পরও তিনি ও তাঁর সহযোদ্ধারা বীরত্বের সঙ্গে যুদ্ধ করছিলেন। তাঁদের মনোবল ভেঙে পড়েনি। একপর্যায়ে আয়েজউদ্দিনও আহত হলেন। ক্রমশ আহতের সংখ্যা বেড়ে যেতে থাকল। দুুপুরের মধ্যে তাঁদের প্রায় অর্ধেকই আহত হলেন।এ ঘটনা ১৯৭১ সালের ১২ মের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীসংলগ্ন শুভপুর সেতুর কাছে। ২৫ এপ্রিল করেরহাটের পতনের পর প্রতিরোধযোদ্ধারা শুভপুর সেতুর দক্ষিণ প্রান্ত থেকে সরে উত্তর প্রান্তে অবস্থান নেন। তাঁরা কয়েক দলে বিভক্ত ছিলেন। আয়েজউদ্দিন ছিলেন একটি দলে। তাঁর কাছে ছিল মর্টারগান। তাঁদের অপর দলের কাছে ট্যাংকবিধ্বংসী অস্ত্র থাকলেও গোলার অভাবে তাঁরা তা কাজে লাগাতে পারেননি।মো. আয়েজউদ্দিন আহমদরা ওই অবস্থান ধরে রাখতে পারেননি। পাকিস্তান সেনাবাহিনী শুভপুর দখল করার পর আশপাশের গোটা এলাকা নির্জন হয়ে পড়ল। শুভপুরের কাছেই ছিল ভারত সীমান্ত। সেখানে দেখা যাচ্ছিল প্রতিরোধযোদ্ধাদের। তাঁরা উদাস-নির্বাক। নিঃশব্দে হেঁটে যাচ্ছেন সীমান্তের দিকে। সবাই আহত। কেউ লাঠিতে, কেউ আরেকজনের কাঁধে ভর দিয়ে হাঁটছেন। দুঃসহ যন্ত্রণার মধ্যেও তাঁদের মুখে হাসি। মো. আয়েজউদ্দিন আহমদ ১৯৭১ সালে চট্টগ্রামের হালিশহর ইপিআর উইংয়ে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ক্যাপ্টেন রফিকুল ইসলামের (বীর উত্তম) নির্দেশে তাঁরা এক প্লাটুন ইপিআর সদস্য পাহাড়তলী রেলওয়ে বিল্ডিংয়ে ডিফেন্স নেন। তাঁদের নেতৃত্বে ছিলেন সুবেদার লনি মিয়া। ২৬ মার্চ রাত ১০টা থেকে তাঁদের অবস্থানের ওপর পাকিস্তানি যুদ্ধজাহাজ থেকে ব্যাপক গোলাবর্ষণ শুরু হয়। নায়েক সুবেদার আয়েজউদ্দিন ৩ ইঞ্চি মর্টারের সাহায্যে পাকিস্তানিদের আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করেন। সারা রাত উভয় পক্ষে গোলাগুলি বিনিময় হয়। সকালের দিকে আয়েজউদ্দিনদের গোলাগুলি প্রায় নিঃশেষ হয়ে যায়। এই সময় পাকিস্তানিরা আক্রমণের মাত্রা আরও তীব্র করে। তখন প্রতিরোধযোদ্ধারা ওই অবস্থান ছেড়ে দিতে বাধ্য হন। শুভপুর যুদ্ধে আহত হওয়ার পর আয়েজউদ্দিন ভারতে চিকিৎসা নেন। সেপ্টেম্বর মাসে পুনরায় যুদ্ধে যোগ দেন। পরে তিনি উৎমা বিওপিসহ আরও কয়েক স্থানে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মো. আয়েজউদ্দিন আহমদ বীর প্রতীক খেতাব পেয়েছেন। মো. আয়েজউদ্দিন আহমদের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামে। বর্তমানে তিনি বরিশাল শহরের ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলীতে ভাড়া করা জীর্ণ কুঠিরে বাস করেন। তাঁর বাবার নাম মফিজউদ্দিন মুন্সী, মা চন্দ্রভান বিবি। তাঁর দুই স্ত্রী। প্রথম স্ত্রী রেনু বেগম অসুস্থ। দ্বিতীয় স্ত্রী রানী বেগম। তাঁদের দুই ছেলে ও তিন মেয়ে। মো. আয়েজউদ্দিন বলেন, ‘খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের কিছু করা উচিত ছিল। আজ আমি ঝুপড়িঘরে থাকি। আমাদের আলাদা কোনো সম্মান নেই।’সূত্র: মো. আয়েজউদ্দিন আহমদ বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১।ঘোষণা: প্রিয় পাঠক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সম্পর্কে আপনাদের তথ্য জানা থাকলে তা এবং ধারাবাহিক এই প্রতিবেদন নিয়ে মতামত আমাদের কাছে পাঠাতে পারেন। গ্রন্থনা: তারা রহমান[email protected]