'গুপ্তহত্যার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হওয়া উচিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন ‘অধিকার’ জানিয়েছে, ২০১১ সালে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছিল গুপ্তহত্যা। ২০০৯ সালে যেখানে দুটি গুমের ঘটনা ঘটেছিল, সেখানে ২০১১ সালে তা বেড়ে ৩০-এ দাঁড়ায়। সংগঠনটি আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে তাদের ২০১১ সালের মানবাধিকার প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরে।অনুষ্ঠানে প্রকাশিত এই প্রতিবেদনের ওপর বক্তব্য দিতে গিয়ে বিশেষজ্ঞরা গুপ্তহত্যার তদন্ত ও বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে করার দাবি জানান।তাঁরা বলেন, ২০১১ সালে দেশে ডাকাত সন্দেহে গণপিটুনির মাধ্যমে মানুষ মারার ঘটনাও আশঙ্কাজনক হারে বেড়েছিল। এ ক্ষেত্রে পুলিশ বাহিনীর সদস্যরা গণপিটুনির মুখে অনেককে ঠেলে দিয়েছেন বলেও তাঁরা মন্তব্য করেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দাবির মুখে রাষ্ট্র এই কৌশল (গুপ্তহত্যা) বেছে নিয়েছে।অধিকারের পক্ষে আদিলুর রহমান ওই প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলের মধ্যে ২০১১ সালে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। ২০০৯ সালে ১৪৫, ২০১০ সালে ১৭৮ এবং ২০১১ সালে ২০৬ জন সাংবাদিকের ওপর আক্রমণ হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে নারীর প্রতি যৌতুক ও ধর্ষণের মতো সহিংসতা বেড়েছে। ২০০৯ সালে ৩১৯, ২০১০ সালে ৩৭৮ এবং ২০১১ সালে ৫১৬ জন নারীর ওপর যৌতুক-সংক্রান্ত সহিংস ঘটনা ঘটেছে। ২০০৯ সালে ৪৫৬, ২০১০ সালে ৫৫৯ ও ২০১১-তে ৭১১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন।অনুষ্ঠানে অধিকারের চেয়ারম্যান সি আর আবরার বলেন, ১৯৭২ সালে দেশে প্রথম গুপ্তহত্যা শুরু হলে তখন অধ্যাপক আহমদ শরীফ, কবি সিকানদার আবু জাফর, বদরুদ্দীন উমরসহ অনেকে ওই ঘটনার প্রতিবাদ করেছিল। দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে এমনটা বলা হলেও কিছুদিন বন্ধ থাকার পর আবার দেশে গুপ্তহত্যা বাড়ছে।প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটি সদস্য হায়দার আকবর খান রনো বলেন, ক্রসফায়ার করতে করতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের মধ্যে ধারণা হয়েছে, তাঁরা টাকার বিনিময়ে খুন করতে পারেন। ‘তুহিন চৌধুরী নামের এক শ্রমিক নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা গুলিস্তান থেকে ধরে নিয়ে গিয়ে দুই দিন পর চোখে কালো কাপড় বেঁধে হাতে পিস্তলসহ ধামরাই থেকে গ্রেপ্তার দেখাল।’ এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘এভাবে যে কাউকে ধরে নিয়ে গিয়ে র্যাব-পুলিশ বলতে পারে, সে সন্ত্রাসী।’বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘রাষ্ট্রপরিচালনায় যে গাফিলতিগুলো হচ্ছে, তা ধরিয়ে দেওয়া নাগরিকদের দায়িত্ব এ মন্তব্য করে তিনি বলেন, ক্রসফায়ার কমে গিয়ে যদি দেশে গুম বাড়ে, তাহলে আমাদের উদ্বিগ্ন হতে হয়। তথ্যকে তথ্য দিয়ে মোকাবিলা করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান বলেন, আজকে যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে হচ্ছে। তেমনি এ পর্যন্ত দেশে যে কটি গুপ্তহত্যা হয়েছে, তার বিচারও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে হওয়া উচিত। দেশ আজ বাজিকর ও বিরাজনীতিকীকরণ একই পন্থায় ঘটছে বলেও তিনি মন্তব্য করেন।বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গত ৪০ বছরে ৪০ হাজার মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। অপারেশন ক্লিন হার্টের নামে যে কজনকে মারা হয়েছে, তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দায়মুক্তি দেওয়া হয়েছে। দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যারা গুপ্তহত্যার শিকার হচ্ছেন, তাঁরা জানেন না কেন তাঁদের মেরে ফেলা হচ্ছে। এই পরিস্থিতিতে দেশে গুপ্তহত্যা তদন্ত ও বিচারে একটি ট্রাইব্যুনাল গঠনে প্রস্তাব দেন তিনি।বার কাউন্সিলের সদস্য জেড আই খান পান্না বলেন, আগে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে দেখা করতে নেতা-কর্মীরা সারি ধরে দাঁড়াতেন। এখন নবনির্বাচিত সভাপতি ফুলের তোড়া নিয়ে নেতা-কর্মীদের সঙ্গে দেখা করতে যান। প্রেসক্লাব, বার অ্যাসোসিয়েশন এগুলো এখন রাজনৈতিক দলগুলোর শাখা। সাংবাদিকেরা যত দিন সত্য কথা বলবেন, তত দিন তাঁদের ওপর আক্রমণ হবে বলেও মন্তব্য করেন তিনি।