'বন্দুকযুদ্ধে’ নিহত যুবকের পরিচয় নিয়ে বিভ্রান্তি
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ২০ মার্চ গভীর রাতে রাজধানীর হাতিরঝিলে এক যুবক নিহত হন। ঘটনার পর পুলিশ বলেছে, ওই যুবকের নাম আরিফ ওরফে বরিশাইল্লা আরিফ। তিনি ডাকাত দলের সদস্য। তবে আজ বুধবার নিহত যুবকের স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ শনাক্ত করে বলেছেন, তাঁর নাম সাইদুল ইসলাম। তিনি পোশাক কারখানায় কাজ করতেন।ওই যুবক গুলিতে নিহত হওয়ার পরদিন ২১ মার্চ মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁর নাম আরিফ ওরফে বরিশাইল্যা আরিফ। সে দুর্ধর্ষ ডাকাত এবং ছিনতাইকারী সুলতান ওরফে ইমুর প্রধান সহযোগী।তবে আজ নিহতের মা কুরশিয়া বেগম ছেলের লাশ শনাক্ত করে বলেন, তাঁর নাম সাইদুল ইসলাম। তিনি বলেন, ঝালকাঠির রাজাপুরের শুকতাগড় এলাকায় তাঁদের বাড়ি। প্রায় এক বছর আগে সাইদুল রাগ করে বাড়ি ছেড়ে ঢাকায় চলে আসেন। এরপর তাঁর সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। লোকমুখে শুনেছেন, তাঁর ছেলে রামপুরার একটি পোশাক কারখানায় কাজ করেন। সর্বশেষ ঈদুল আজহায় বাড়িতে যান সাইদুল। এ সময় তিনি বাবা সেকান্দার আলীর হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন। গতকাল মঙ্গলবার কেউ একজন ফোনে কুরশিয়াকে জানান, তাঁর ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। লাশ মর্গে রয়েছে। খবর পেয়ে রাতের লঞ্চে রওনা হয়ে আজ সকালে ঢাকায় পৌঁছেন তিনি। ঝালকাঠিতে থাকার সময় সাইদুল মাটি কাটা শ্রমিক হিসেবে কাজ করতেন।