জামালপুরে র্যাব-সন্ত্রাসী গুলিবিনিময়, আট অপহরণকারী আটক
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ারচরে অপহূত এক কিশোরকে উদ্ধার অভিযানের সময় গতকাল বুধবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। র্যাব এ সময় আট সন্ত্রাসীকে আটক এবং ওই কিশোরকে উদ্ধার করেছে। র্যাব জানিয়েছে, আটক অপহরণকারী ওই সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার বিকেলে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। র্যাব জানায়, উদ্ধার হওয়া ওই কিশোরের নাম সুরুজ মিয়া (১৭)। সে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। তার বাবার নাম আবু তালেব। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামে।আটক অপহরণকারীরা হলেন, কুড়িগ্রাম জেলার ডুশমারী উপজেলার নয়ারচর আজমীরপাড়া গ্রামের আবুল কাশেম, মোজাম্মেল হোসেন, তাজেল ওরফে তাজ উদ্দিন; জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর গ্রামের বাদশা আলম; খাসীরপাড়া গ্রামের আমিনুল হক ও হেকিম উদ্দিন এবং শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার হলদি গ্রামের নুরুল হক ও হাবিবুর রহমান। অভিযানকালে তাঁদের কাছ থেকে কয়েকটি রামদা, ছোরা ও বল্লম উদ্ধার করা হয়েছে। র্যাবের হেফাজতে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।আটক অপহরণকারীরা ১৪ জানুয়ারি কিশোর সুরুজ মিয়াকে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে ও তার বাবাকে ঈশ্বরগঞ্জ থেকে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখান থেকে সুরুজ মিয়াকে অপহরণ করে গা ঢাকা দেয় তারা। পরে তারা অজ্ঞাত স্থান থেকে ওই কিশোরের বাবা আবু তালেবের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। আবু তালেব বিষয়টি র্যাবকে জানান।র্যাব-১২-এর জামালপুর ক্যাম্পের সহকারী পরিচালক ক্যাপ্টেন মাহফুজুল হক প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাতটায় র্যাব সদস্যরা কাউনিয়ারচরে একটি বাড়িতে ওই কিশোরকে উদ্ধারের জন্য অভিযান চালান। এ সময় অপহরণকারীরা র্যাবকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। জবাবে র্যাবও পাল্টা চার রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে পালিয়ে যাওয়ার সময় চার অপহরণকারীকে আটক করা হয়েছে। গভীর রাতে তাদের আরও চার সহযোগীকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।