অগ্নিনির্বাপণ ব্যবস্থা না নিলে পোশাক কারখানা বন্ধ করে দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব পোশাক কারখানা অগ্নিনির্বাপণের জন্য যথাযথ ব্যবস্থা নেবে না, সেগুলো বন্ধ করে দেবে সরকার। সরকারের এ সিদ্ধান্তকে সমর্থন করেছে পোশাক খাতের শিল্পপতি ও ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। একই সঙ্গে পোশাক কারখানার ছাদে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করতেও সরকারের তরফ থেকে মালিকদের সতর্ক করে দেওয়া হয়। আর আগুন লাগলে কর্মীরা যাতে দ্রুত বের হয়ে আসতে পারে, সে জন্য প্রতিটি পোশাক কারখানাতেই দুটি বিকল্প সিঁড়ি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পোশাক কারখানায় অগ্নিকাণ্ড প্রতিরোধ কমিটির সুপারিশ প্রদান বিষয়ে আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে শ্রম মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১২টি অগ্নিনির্বাপণ কমিটিকে পুনরুজ্জীবিত করা হবে। শিল্প-পুলিশ গঠন করে তাদেরও এ কাজে সংশ্লিষ্ট করার কথা জানান তিনি।