অবৈধ ধর্মঘটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে: নৌপরিবহনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযান শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদরঘাট এলাকা থেকে নৌযান ধর্মঘটের সপক্ষে একটি মিছিল বের করার প্রস্তুতি নেওয়ার সময় তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মোবাইল ফোনে মালিকদের নৌযান না চালানোর ভয়ভীতি দেখানো ও অবৈধ নৌযান ধর্মঘট ডাকার অভিযোগ রয়েছে।এদিকে আজ সকালে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সচিবালয়ে এক বৈঠকে বসেন। তাঁরা নৌযান ধর্মঘটের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, নৌযান ধর্মঘট প্রত্যাহার করলেই কেবল শ্রমিক ফেডারেশনের সঙ্গে আলোচনা হতে পারে। তিনি বলেন, ভয়-ভীতি দেখিয়ে নৌযান চলাচলে বাধা দেওয়া হচ্ছে।নৌযান শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি শাহ আলমকে গ্রেপ্তার করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, অবৈধ নৌযান ধর্মঘট ডাকার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, এই তথাকথিত ধর্মঘটের উদ্দেশ্যই ছিল সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা, একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করা। কিন্তু সরকার তা হতে দেয়নি।এই ধর্মঘটের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য অবশ্যই ছিল। এর পেছনে কোনো ব্যক্তি স্বার্থও থাকতে পারে।এদিকে নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা আলোচনার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু এর মধ্যে আমাদের সিনিয়র সহসভাপতিকে গ্রেপ্তার করায় আলোচনার সুষ্ঠু পরিবেশ আর নেই।’ তিনি নৌযান শ্রমিক ফেডারেশনের সিনিয়ন সহসভাপতি শাহ আলমের মুক্তি দাবি করেন।গত শনিবার নৌযান শ্রমিক লীগের কক্ষ এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনায় নৌযান শ্রমিক লীগের নেতা সজীব আহমেদ শাহ আলমসহ আরও অনেককে দায়ী করে একটি মামলা করেন। সেই মামলায় আজ শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।