অর্থাভাবে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে না: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যখনই এমপিওভুক্ত করা হোক না কেন, জানুয়ারি ২০১০ থেকেই তা কার্যকর হবে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা সম্ভব হবে না। স্বচ্ছতার সঙ্গে এবং নিয়মনীতি অনুসরণ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, এ বছর অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এবার গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্ন-পদ্ধতি চালু হবে না।শিক্ষামন্ত্রী আরও বলেন, ঢাকা শহরে বই বিতরণে কিছু সমস্যা হলেও তা দ্রুত সমাধান করা হয়েছে। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ করা সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কথা তুলে ধরেন তিনি। এগুলোর মধ্যে রয়েছে কলেজের যেসব প্রভাষকের চাকরি আট বছর হয়েছে তাঁদের বেতন বাড়ানো, কলেজে নতুন সহযোগী অধ্যাপকের পদ সৃষ্টি করা, ডিগ্রি কলেজে ঐচ্ছিক বিষয়ে একটি অতিরিক্ত পদ সৃষ্টি ইত্যাদি।