অষ্টগ্রামে ট্রলারডুবিতে আরও একটি লাশ উদ্ধার, নিখোঁজ ২
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় গতকাল সোমবার যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনায় আজ মঙ্গলবার আরও একটি লাশ উদ্ধার হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল চারে। নিখোঁজ আছে দুই শিশু।আজ বেলা ১১টার দিকে দাসপাড়ার অনু দেবনাথের ছেলে জীবন দেবনাথের (৬) লাশ উদ্ধার করা হয়। নিহত অন্যরা হলেন অষ্টগ্রাম উপজেলার দাসপাড়ার লালমোহন সূত্রধরের স্ত্রী রত্না রানী সূত্রধর (৩৫), হরিমোহন সূত্রধরের স্ত্রী আরতী সূত্রধর (২৫) ও শেম্ভু সরকারের স্ত্রী পুষ্প রানী সরকার (৪০)। নিখোঁজ আছে লালমোহন সূত্রধরের মেয়ে লাকী রানী (৭), শেম্ভু সরকারের মেয়ে রূপালী সরকার (১০)।বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অষ্টগ্রাম লঞ্চঘাট থেকে গতকাল দুপুর সোয়া ১২টার দিকে ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার বাঙ্গালপাড়ার উদ্দেশে ছেড়ে যায়। ট্রলারটি ঘাট থেকে দু-তিন শ গজ দূরে যাওয়ার পর কুলিয়ারচর থেকে এমভি কুলিয়ারচর-২ নামের যাত্রীবাহী একটি লঞ্চ ঘাটের দিকে আসে। এ সময় পানিতে সৃষ্ট ঘূর্ণিতে ট্রলারটি ডুবে যায়। ঘাটে অপেক্ষমাণ লোকজন ও অন্য ট্রলারগুলো তাত্ক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে।খবর পেয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেবাস্টিন রেমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রব প্রধান ঘাটে আসেন। তাঁদের উপস্থিতিতে গতকাল জাল দিয়ে রত্না রানী, আরতী সূত্রধর ও পুষ্প রানীর লাশ উদ্ধার করা হয়।