বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত
আবেদন করলে মান্নান ভুঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার হতে পারে
অসুস্থ বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য প্রথম আলোকে জানিয়েছেন, ‘বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী কারও বহিষ্কার প্রত্যাহার করতে হলে তার পক্ষ থেকে আবেদন করতে হয়। এখন পর্যন্ত মান্নান ভূঁইয়ার পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। তাই এ ব্যাপারে আলোচনা শেষে এ সিদ্ধান্ত হয়েছে যে, তিনি অসুস্থ থাকায় তাঁর পক্ষে কেউ যদি বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেন তবে তা বিবেচনা করা হতে পারে।’ বৈঠকে এর পাশাপশি সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। আজ বৃহস্পতিবার রাত নয়টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় রাত সাড়ে ১১টার দিকে। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।স্থায়ী কমিটির ওই সদস্য আরও জানান, বৈঠকে ৭ জুলাই বিএনপির ডাকা দেশব্যাপি মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমের নিখোঁজ হওয়া ও তাঁকে উদ্ধারে সরকারের নীরবতায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বৈঠকে সরকারের অগণতান্ত্রিক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় বলেও তিনি জানান।বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ক্যানসারে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্ট নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন। গতকাল বুধবার সিঙ্গাপুর থেকে তাঁকে দেশে ফিরেয়ে আনা হয়।