আশুগঞ্জে পাঁচটি ইউনিটে বিদ্যুত্ উত্পাদন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুত্ কেন্দ্রে আজ শুক্রবার সকালে একযোগে পাঁচটি ইউনিটে বিদ্যুত্ উত্পাদন বন্ধ হয়ে গেছে। হবিগঞ্জের শাহাজীবাজার গ্রিড লাইনে ত্রুটি দেখা দেওয়ায় আশুগঞ্জ তাপ বিদ্যুত্ কেন্দ্রে এই উত্পাদন বিপর্যয় দেখা দেয়। এ কারণে ৭২৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রে এখন সর্বনিম্ন ৭০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হচ্ছে; ফলে হবিগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলায় ব্যাপক লোডশেডিং দেখা দিয়েছে।বিদ্যুত্ কেন্দ্রের প্রকৌশল বিভাগ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে শাহাজীবাজার এলাকায় গ্রিড লাইনের তার ছিঁড়ে যায়। এরপর আশুগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রের ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট এবং ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ ও ২ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিতে শুরু করে। প্রথমে ৩ নম্বর ইউনিট এবং পরে একে একে অপর চারটি ইউনিট বন্ধ হয়ে যায়। তবে ৫৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি-১ এবং ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি-২-এ বিদ্যুত্ উত্পাদন সচল রয়েছে। এ দুটি ইউনিট দিয়ে বর্তমানে ৩৫ মেগাওয়াট করে মোট ৭০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে দুই মাস আগ থেকে বন্ধ থাকা ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি প্রথমে সচল করার চেষ্টা করা হয়।বিদ্যুত্ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুল খালেক জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে প্রকৌশলীরা ত্রুটি দূর করার কাজ শুরু করেছেন। রাতের মধ্যে বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলোয় পুনরায় বিদ্যুত্ উত্পাদন শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।