আশুলিয়ায় পোশাকশ্রমিক ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ: আহত ১৫
আশুলিয়ায় এনভয় ডিজাইন লিমিটেড পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের আজ মঙ্গলবার সকাল থেকে আবারও দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের লাঠিচার্জে ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। জানা যায়, সকাল আটটায় সাভারের আশুলিয়ার জামগড়ায় এনভয় পোশাক কারখানায় বেতন বৃদ্ধি ও পরিবহনসংকট নিরসনের দাবিতে ১০ হাজারেরও বেশি শ্রমিক বিক্ষোভ করেন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেকান্দার আলী জানান, ১০টার দিকে শ্রমিকেরা কারখানার ভেতরে ভাঙচুরের চেষ্টা চালান। এ সময় পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করে। এতে ১০ জন শ্রমিক আহত হন। এরপর বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সেখানে আবারও শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে। শ্রমিকেরা পাল্টা জবাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। প্রায় এক ঘণ্টা ধরে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সেকান্দার আলী আরও জানান, লাঠিচার্জে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে আধা কিলোমিটার দূরে ইয়ং অ্যাপারেন্টস পোশাক কারখানায় হামলা করেন। সেখানেও পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করে। প্রায় ১৫ মিনিট ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এতে চার-পাঁচজন শ্রমিক আহত হন। পুরো এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। শ্রমিকেরা বিচ্ছিন্নভাবে আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন। এখনো সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে পোশাক-শ্রমিক রাজন জানান, তাঁরা দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। কিন্তু পুলিশ লাঠিচার্জ করার পরে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ইটপাটকেল ছোড়েন। উল্লেখ্য, গতকাল সোমবার সকালেও এনভয় কারখানার শ্রমিকেরা দাবি আদায়ে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন। পরে এনভয়সহ অন্য কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সকাল সাড়ে নয়টা থেকে দেড় ঘণ্টা ধরে অবরোধ করে রাখলে রাস্তার দুই পাশে শত শত গাড়ি আটকে পড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।