উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে আজ বাঁচা-মরার লড়াই ‘স্প্যানিশ জায়ান্ট’ বার্সেলোনার। সেমিফাইনালের প্রথম লেগে ৩-১এ জয় পেয়ে ইতিমধ্যে ফাইনালের পথে বেশ কিছুটা এগিয়ে রয়েছে হোসে মারিনহোর ইন্টার মিলান। সে কারণে আজকের ম্যাচে বার্সাকে শুধু জিতলেই হবে না, ফাইনাল নিশ্চিত করতে অতিক্রম করতে হবে জটিল এক সমীকরণের বাধাও।অ্যাওয়ে ম্যাচে হারলেও মিলানের মাঠে একটি গোল করে এসেছে বার্সেলোনা। সে সুবাদে ২-০ ব্যবধানে জয় পেলে ফাইনালে উঠে যাবে বার্সা। ইন্টার এক গোল করলে বার্সেলোনাকে জিততে হবে কমপক্ষে ৪-১ ব্যবধানে। আর বার্সেলোনা যদি ৩-১এ এগিয়ে থাকে তাহলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে। ইন্টার মিলানের কাছে গত সপ্তাহে হেরে আসা বার্সেলোনার জন্য এত সব সমীকরণ ঠিক রাখা যে কঠিন হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার পরও মেসি-জাভিদের নিয়ে গড়া দল বলে কথা। চ্যাম্পিয়নস লিগে এ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। যেকোনো সময় জ্বলে উঠতে পারেন জাভি আলোনসো। আছেন পেপ গার্দিওলার মতো অভিজ্ঞ এক কোচ। বার্সাকে এ পর্যন্ত ছয়টি শিরোপা এনে দিয়েছেন তিনি। এ ছাড়া দেয়ালে পিঠ লাগানোর মতো পরিস্থিতিতে রেকর্ড কেন যেন সব সময়ই বার্সেলোনার হয়েই কথা বলে। আর্সেনালের বিপক্ষে এমিরেটস স্টেডিয়ামে ২-২ গোলে ড্র করার পর মেসির হ্যাটট্রিকে গানারদের উড়িয়ে দিয়েছিল বার্সা। ঘরের মাঠে হবে বলে ন্যু ক্যাম্পে ৯০ হাজার সমর্থকও বাড়তি শক্তি এনে দেবে বার্সেলোনা ক্যাটালান সৈনিকদের।আজকের ম্যাচে স্পষ্টত এগিয়ে থাকা ইন্টার মিলানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। এমনিতে গত সপ্তাহে মেসিদের হারিয়ে আত্মবিশ্বাস বেড়ে গেছে তাদের। ইন্টারের খেলার ধরনও রক্ষণাত্মক। কৌশলের তুলনা হয় না কোচ হোসে মরিনহোর। আঘাত পাওয়া ফুটবলার স্নাইডারকেও এ ম্যাচে পাওয়ার প্রত্যাশা করছে ইন্টার। দুই দিন বিশ্রাম নিয়ে গতকাল তিনি অনুশীলনে অংশ নিয়েছেন। সবচেয়ে স্বস্তির বিষয়, বার্সাকে সমীকরণ মেলাতে বাধা দিতে পারলেই ফাইনাল নিশ্চিত ইন্টারের। অন্যদিকে সমীকরণ মেলাতে হলে বার্সাকে হয়ে উঠতে হবে অপ্রতিরোধ্য।