ঋণ পেতে কঠিন শর্ত দিয়েছে আইএমএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে হলে সরকারকে কঠিন শর্তের মধ্যেই যেতে হবে। ভর্তুকি কমিয়ে আনতে হবে। বিনিয়ম হার আরও বাজারভিত্তিক করতে হবে। এতে টাকার মান আরও কমবে। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম সমন্বয় অর্থাৎ বাড়াতে হবে এবং রাজস্ব ও মুদ্রানীতিতে বড় ধরনের সংকোচন আনতে হবে।আইএমএফের শর্ত মানা হলে ব্যাংকব্যবস্থায় সরকারের ঋণ বর্তমান ১৮ হাজার কোটি টাকার চেয়ে প্রায় পাঁচ হাজার কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে। কিন্তু বর্তমান মুদ্রানীতি অনুসারে রিজার্ভ মানির প্রবৃদ্ধি ১৬ শতাংশ থেকে কমিয়ে ১৩ দশমিক ৩ শতাংশে নামিয়ে আনতে হবে। এতে সার্বিক মুদ্রা সরবরাহ (ব্রড মানি) কমবে এবং একই সঙ্গে কমবে বেসরকারি খাতের ঋণ।আইএমএফ দেশের বর্তমান বৈদেশিক লেনদেনের ভারসাম্যে চাপ, উচ্চ মূল্যস্ফীতি এবং সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনায় ঝুঁকির দিক বিবেচনা করে এসব পরামর্শ দিয়েছে বলে সংস্থার সূত্রগুলো জানাচ্ছে। সূত্র জানায়, সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনায় আইএমএফ জেনেছে, ব্যাংক থেকে সরকারের ঋণ বর্তমানের চেয়ে আরও অনেক বাড়বে। বর্তমানে সরকারের ব্যাংকঋণ ১৮ হাজার কোটি টাকার বেশি হলেও ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তা ২২ হাজার কোটি টাকা হয়েছিল। এ কারণে সংস্থাটি এই ঋণের লাগাম টানতে চায়। তারা মনে করে, ব্যাংকব্যবস্থায় সরকারের ঋণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৫ শতাংশ বা ২৩ হাজার কোটি টাকার বেশি হতে পারবে না।আইএমএফ একই সঙ্গে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়েও শর্ত দিচ্ছে। তারা মনে করে, অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন ব্যাংকিং বিভাগ সমান্তরালভাবে এই ব্যাংকগুলোর ওপর কর্তৃত্ব করছে। এমনকি ব্যাংকের প্রধান নির্বাহী নিয়োগ থেকে শুরু করে পরিচালকমণ্ডলীর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের তেমন কিছু করণীয় নেই। তাদের শর্ত হচ্ছে, বেসরকারি ব্যাংকগুলোর মতো এগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের একচ্ছত্র কর্তৃত্ব থাকতে হবে। আইএমএফের একটি প্রতিনিধি দল গত ৩০ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত দেশে অবস্থান করে। তাদের শর্তগুলো ইতিমধ্যেই সরকারের কাছে দেওয়া হয়েছে। আইএমএফের এই দলটি বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণ-সহায়তা দেওয়া যায় কি না, তা বিচার-বিশ্লেষণ করেছে। পর্যালোচনা করে তিনটি কিস্তিতে এই অর্থ ছাড় করার কথা। সরকারি সূত্রগুলো জানাচ্ছে, আইএমএফের দৃষ্টিভঙ্গি হলো, সাশ্রয়ী মূল্যে ঋণ পেতে হলে অর্থনীতির নানা ক্ষেত্রে শৃঙ্খলা থাকতে হবে।মুদ্রানীতির ক্ষেত্রে তারা বলেছে, বাজার নিয়ন্ত্রণের উপাদান ট্রেজারি বিলের রেপো নিলাম (অর্থাৎ ট্রেজারি বিল জমা করে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোর ধার) এবং রিভার্স রেপো নিলামের (বাজার থেকে টাকা তুলে নিতে রেপো নিলামে জমা থাকা ট্রেজারি বিল আবার নিলামে দেওয়া) সুদহার ২ থেকে ৩ শতাংশ বাড়াতে হবে। তাতে রেপো নিলামের বর্তমান সুদহার ৭ দশমিক ২৫ থেকে বৃদ্ধি হয়ে ৯ দশমিক ২৫ থেকে ১০ দশমিক ২৫ শতাংশ এবং রিভার্স রেপোর সুদহার ৫ দশমিক ২৫ থেকে বৃদ্ধি করে ৭ দশমিক ২৫ থেকে ৮ দশমিক ২৫ শতাংশ হবে। এর ফলে মুদ্রা সরবরাহ আরও ব্যয়বহুল হবে এবং তাতে মুদ্রাবাজারের চাহিদা পরিস্থিতিকে আরও নিয়ন্ত্রণের মধ্যে আনা সম্ভব হবে।এ ছাড়া আইএমএফের কাছ থেকে বর্ধিত ঋণসুবিধার (ইসিএফ) আওতায় ১০০ কোটি ডলার পেতে হলে সরকারের খরচ কমানো, নতুন ভ্যাট ও আয়কর আইন প্রণয়ন করতে হবে। ব্যাংক কোম্পানি আইনের সংশোধনের ক্ষেত্রে আইএমএফের একজন বিশেষজ্ঞ এখানে এসে কারিগরি দিক বিশ্লেষণ করবেন বলে জানিয়েছে সংস্থাটি।