একটি সংবাদ ও পুলিশের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় আজ শনিবার প্রকাশিত ‘দুটি পত্রিকার অতি উত্সাহ ও ডিবি পুলিশ কর্মকর্তার কীর্তি!’ শিরোনামে খবরের প্রতিবাদ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের প্রতিবাদে বলা হয়েছে, প্রকাশিত সংবাদে ডিএমপির গোয়েন্দা শাখার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এটা সত্ সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে অনৈতিক প্রভাব বিস্তারের অপচেষ্টা বলেও প্রতিবাদে উল্লেখ করা হয়। প্রতিবাদটি হুবহু তুলে ধরা হলো।ডিএমপির প্রতিবাদপত্রে বলা হয়, ‘প্রকাশিত সংবাদে ডিসি (ডিবি-দক্ষিণ) মো. মনিরুল ইসলামকে উদ্ধৃত করে বলা হয়েছে যে গতকাল ০২/০৩/২০১০ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় ডিসিসি কাউন্সিলর আহাম্মাদ হত্যা মামলাসংক্রান্ত প্রকাশিত সংবাদে এডিসি মো. মাহবুব আলম সাংবাদিকদের যা বলেছেন, সেটা নিয়ে তাঁর সঙ্গে আগে কোনো কথা বলেননি বা এ বিষয়ে তাঁর অনুমতি নেননি। প্রকৃত তথ্য এই যে, ঘটনার বিষয়ে সাংবাদিকদের টেলিফোনে ডেকে নিয়ে ডিএমপির কোনো কর্মকর্তা কথা বলেননি। ডিএমপির পক্ষ থেকে সাংবাদিকদের ডেকে প্রেস ব্রিফিং করার দায়িত্ব ডিএমপি জনসংযোগ শাখার। ডিএমপির জনসংযোগ শাখা থেকে কোনো প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়নি। তবে সাংবাদিকেরা তাঁদের নিজস্ব সূত্র থেকে সংবাদ সংগ্রহ করে থাকেন। দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত সংবাদ তাদের নিজস্ব সূত্রে সংগৃহীত।‘ডিসিডিবি (দক্ষিণ) মো. মনিরুল ইসলামকে কালের কণ্ঠ পত্রিকার পক্ষ থেকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনে তদন্তকারী কর্মকর্তা যেকোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারেন।‘তা ছাড়া যুগ্ম পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া ডিসিসি কাউন্সিলর আহাম্মাদ হত্যা মামলার সঙ্গে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ সোবহানের সংশ্লিষ্ট থাকা বা না থাকার বিষয়ে কোনো বক্তব্য দেননি। অথচ তাঁদের দেওয়া বক্তব্যকে গোপন করে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় উদ্দেশ্যমূলকভাবে ডিবির কর্মকর্তাদের হেয় করে ভুল উদ্ধৃতি প্রকাশিত হয়েছে।‘কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদে ডিসিসি কাউন্সিলর আহাম্মাদ হত্যা মামলাটি ডিবির কর্মকর্তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তদন্তাধীন মামলায় বিত্তবানদের নাম জড়িয়ে ভিন্ন বাণিজ্যের সুযোগ নিতে চাচ্ছেন বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী এবং সত্ সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে অনৈতিক প্রভাব বিস্তারের অপচেষ্টা মাত্র। ডিএমপি ডিসিসি কাউন্সিলর আহমদ হত্যাসহ সব মামলার যথাযথ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করবে।’