অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ডি-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের কাছে ১ রানে হেরে গেছে বাংলাদেশ। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে আবুল হাসান ২ উইকেট নেন ৫৫ রানে। এ ছাড়া শাকের আহমেদ ৩৯ রান দিয়ে ২ উইকেট দখল করেন।জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৭ রানে প্রথম উইকেট হারায়। আউট হন অধিনায়ক এনামুল হক। ২৪৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে বাংলাদেশের টপ অর্ডারে সত্যিকারের কোনো জুটি গড়ে না ওঠায় পরবর্তী ব্যাটসম্যানদের ওপর চাপ পড়ে। তার পরও লোয়ার মিডল অর্ডারে শাব্বির রহমান ও তাসামুল হক যথাক্রমে ৫৩ ও ৫৪ রান করে দলকে ম্যাচে রেখেছিলেন। শাব্বির রহমান তাঁর এই অনবদ্য ইনিংসটি খেলেন ৫২ বলে। ইনিংসের ৪৯তম ওভার পর্যন্ত বাংলাদেশ ভালোমতোই ম্যাচে ছিল। খেলার শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ৭ রান। ক্রিজে তখন সেট ব্যাটসম্যান তাসামুল হক। তিনি দলীয় ২৪৮ রান ও ৪৯.৩ ওভারে দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন। এরপরের বলেই দ্রুত একটি রান নিতে গিয়ে শাকের আহমেদ রান আউট হয়ে গেলে বাংলাদেশ ১ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে। দুর্ভাগ্যজনক এ পরাজয় বাংলাদেশের দ্বিতীয় রাউন্ড কঠিন করে দিল। শেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে জয় ছাড়া কোনো বিকল্প রইল না বাংলাদেশের সামনে। সংক্ষিপ্ত স্কোর ওয়েস্ট ইন্ডিজ ২৪৯/৮ (৫০ ওভার)এ এস ক্রেয়ারি ৫৫, ওয়াই ক্যারিয়া ৪৪শাকের আহমেদ ২/৩৯, আবুল হাসান ২/৫৫বাংলাদেশ ২৪৮/১০ (৪৯.৩ ওভার)শাব্বির রহমান ৫৩, তাসামুল হক ৫৪এ এম এ দিওয়ার ৩/৬৩ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ম্যাচে ১ রানে জয়ী