কাউন্টারে ট্রেনের টিকিট না পেয়ে কালোবাজারির খোঁজে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ নভেম্বর রাতের তূর্ণা নিশীথার চট্টগ্রামের টিকিট কিনতে ভোর থেকে কমলাপুর রেলস্টেশনে সারিতে দাঁড়িয়েছিলেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা রফিক আহমেদ। কিন্তু তিনি কাউন্টারের কাছাকাছি যাওয়ার আগেই টিকিট শেষ। প্রয়োজনীয় তিনটি টিকিটের জন্য তিনি খুঁজতে থাকেন কালোবাজারি ও দালালদের। কিন্তু তাদেরও পাননি।গতকাল রোববার কাউন্টারে অগ্রিম টিকিট না পেয়ে হতাশ অনেকেই পবিত্র ঈদুল আজহায় বাড়ি যাওয়ার জন্য উপায় না পেয়ে টিকিট কালোবাজারিদের খুঁজেছেন হন্য হয়ে। কিন্তু স্টেশনের প্লাটফর্মে কালোবাজারি বা তাদের দালালদের দেখা পাননি টিকিটপ্রত্যাশীরা। তবে স্টেশনের প্রবেশপথে রিকশা-অটোরিকশাস্ট্যান্ড ও আশপাশের হোটেলে দালালদের তৎপরতা চোখে পড়েছে। তাদের কাছ থেকে টিকিট কিনে কেউ কেউ প্রতারিতও হয়েছেন বলে জানা গেছে।গতকাল বিক্রি করা হয়েছে ৫ নভেম্বরের টিকিট। ঈদের আগের দিন হওয়ায় ওই দিনের টিকিটের জন্য মানুষের ভিড় ছিল বেশি।বেলা একটার দিকে কথা হয় টিকিট না পাওয়া ব্যাংক কর্মকর্তা রফিক আহমেদের সঙ্গে। বললেন, ভোরে সারিতে দাঁড়ানোর সময় তাঁর সামনে ও অন্য সারিগুলোতে ছিল কমপক্ষে ৫০০ জন। কাউন্টারে যাওয়ার আগেই টিকিট শেষ। কালোবাজারিদেরও পাননি। পত্রিকায় এদের সম্পর্কে খবর প্রকাশের পর এরা প্রকাশ্যে আসছে না।রাজশাহীগামী ট্রেন সিল্কসিটির টিকিট পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন আবদুল কুদ্দুস। কারণ হিসেবে তিনি জানান, ভোর পাঁচটায় তিনি স্টেশনে এসে দেখেন, সারিতে অনেক মানুষ। সকাল সাড়ে নয়টায় তাঁর সামনে ছিল অন্তত ২০০ মানুষ। এর পরও তিনি টিকিট পেয়েছেন।নারীদের জন্য পৃথক সারি করায় কয়েকজন নারী স্বস্তি জানান। এঁদের একজন মোহাম্মদপুর থেকে আসা আসমা রহমান বলেন, টিকিটের জন্য নারীদের আলাদা সারি থাকায় এবার পুরুষের উটকো উৎপাত সহ্য করতে হয়নি।কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্তী বলেন, একইভাবে প্রতিবন্ধীদের জন্যও আলাদা সারি করা হয়েছে। এগুলোর ভালো ফলও পাওয়া যাচ্ছে। অগ্রিম টিকিট বিক্রির প্রথম তিন দিনের তুলনায় গতকাল ভিড় বেড়েছে স্বীকার করে তিনি বলেন, তাঁরা চেষ্টা করছেন সবাই যেন টিকিট পায়, সে রকম সুষ্ঠু ব্যবস্থাপনা রাখতে।স্টেশন ব্যবস্থাপক আরও জানান, ঈদ উপলক্ষে বিভিন্ন গন্তব্যের ২৩টি আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। ঈদের সময় এগুলোসহ লোকাল ট্রেন মিলিয়ে প্রতিদিন অন্তত ২০ হাজার টিকিট রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ ট্রেনে চাহিদা অনুযায়ী আলাদা বগিও যুক্ত করা হবে।বিশৃঙ্খলা ঠেকাতে স্টেশন এলাকায় পুলিশ ছাড়াও র‌্যাব মোতায়েন আছে।স্টেশনের একজন কর্মকর্তা জানান, গতকাল একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে এক ব্যক্তি কাউন্টারে ঢুকে চাহিদামতো টিকিটের জন্য চাপ দেন। সন্দেহ হওয়ায় কর্তব্যরত কর্মকর্তারা তাঁকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি সটকে পড়ার চেষ্টা করেন। পরে তাঁকে র‌্যাবের কাছে সোপর্দ করা হয়।দালালদের তৎপরতা: স্টেশনের রিকশা-অটোরিকশাস্ট্যান্ডের কাছে কয়েকজন ব্যক্তি টিকিটপ্রত্যাশীদের কাছে জানতে চাইছিলেন, কয়টি টিকিট লাগবে? স্টেশনের বিপরীতের কয়েকটি হোটেলেও কিছু দালাল দেখা যায়। এই প্রতিবেদককে টিকিটপ্রত্যাশী মনে করে এক ব্যক্তি জানান, যে গন্তব্যেরই হোক, টিকিট দেওয়া যাবে। দরকার হলে অন্য দিনের টিকিটও দিতে পারবেন। অন্য দিনের টিকিট কীভাবে দেবেন জানতে চাইলে তিনি বলেন, ‘ট্যাকা দিলে সবই সম্ভব।’একটি হোটেলের এক কর্মচারী জানান, কেউ কেউ এদের খপ্পরে পড়ছেন। র‌্যাব এলে দালালেরা পালিয়ে যায়।স্টেশনের দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, কালোবাজারি বা দালালদের প্লাটফর্মে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। তাদের কাছ থেকে টিকিট সংগ্রহ না করতে বারবার যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।