কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী কমান্ডার নিহত
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গতকাল রোববার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশে তৈরি বন্দুক, বন্দুকের ছয়টি গুলি, চারটি গুলির খোসা ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে।পুলিশের দাবি, নিহত সিদ্দিক চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) জেলা কমান্ডার ছিলেন। তাঁর বাড়ি মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে। পুলিশের ভাষ্য, সিদ্দিক তাঁর সঙ্গীদের নিয়ে উপজেলার কুর্শা গ্রামের ক্যানেলপাড়ায় বৈঠক করছে—এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে দুইটার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। সিদ্দিক ও তাঁর সঙ্গীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে পুলিশ এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে। মৃতদেহটি সিদ্দিকের বলে শনাক্ত করা হয়। পুলিশ রাতেই সিদ্দিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিদ্দিকের বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় পাঁচটি হত্যা মামলাসহ নয়টি মামলা রয়েছে।