একটি কোয়ালিশন সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য ব্রিটেনের নির্বাচনে এগিয়ে থাকা কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন আজ রোববার নির্বাচনে তৃতীয় অবস্থানে থাকা লিবারেল ডেমোক্র্যাটস নেতা নিক ক্লেগের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। গত বৃহস্পতিবারে অনুষ্ঠিত নির্বাচনে ব্রিটেনের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি যদিও সবচেয়ে বেশি আসনে জিতেছে, কিন্তু তারা সরকার গঠনের মতো যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। টোরিরা নির্বাচনে ৩০৬টি আসন পেলেও সরকার গঠনের জন্য তাদের আরও ২০টি আসন প্রয়োজন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনভিত্তিক সমঝোতা প্রতিষ্ঠাই ক্যামেরন ও ক্লেগের আজকের আলোচনার উদ্দেশ্য। বৃহস্পতিবারের নির্বাচনের মাধ্যমে ১৯৭৪ সালের পর এই প্রথমবারের মতো ব্রিটেনে একটি ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্র্যাটস নেতারা আজ বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে (ব্রিটিশ সময় বেলা ১১টা) এ আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। এ আলোচনা ফলপ্রসূ হলে একটানা ১৩ বছর পর ব্রিটেনে শ্রমিক দলের শাসনে বিরতি পড়বে। এদিকে বিবিসি অনলাইন জানিয়েছে, কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন দলের সমর্থকদের কাছে পাঠানো এক ই-মেইলে জানিয়েছেন, কোনো সমঝোতার ব্যাপারেই তাঁর কোনো তাড়া নেই। তবে তিনি অনেক ব্যাপারে ছাড় দিতেও প্রস্তুত। ডেভিড ক্যামেরনের পাশাপাশি ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী লেবার পার্টির নেতা গর্ডন ব্রাউনও সুযোগের অপেক্ষায় আছেন। কনজারভেটিভদের সঙ্গে কোনো কারণে লিবারেল ডেমোক্র্যাটসদের আলোচনা ব্যর্থ হলে লেবার পার্টি লিবারেল ডেমোক্র্যাটসদের সঙ্গে আসনভিত্তিক সমঝোতার জন্য আলোচনায় বসতে আগ্রহী।রাজনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কেবল আসনভিত্তিক সমঝোতাই নয়, বিভিন্ন নীতিগত ইস্যু; যেমন—অর্থনৈতিক সংস্কার, প্রতিরক্ষা, ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের ভূমিকা, করনীতি, অভিবাসীদের ব্যাপারে অবস্থান ইত্যাদি বিষয়েও কোয়ালিশন সরকার গঠনে নিয়ামক ভূমিকা পালন করবে। গর্ডন ব্রাউন এখনো ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে সরকার পরিচালনা করলেও গত শুক্রবার তিনি বলেছেন, আসনভিত্তিক সমঝোতার জন্য কনজারভেটিভ পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটসদের প্রয়োজনীয় সময় দেওয়া উচিত। গর্ডন ব্রাউন নিক ক্লেগের সঙ্গেও টেলিফোনে আলাপ করেছেন বলে জানা গেছে। লিবারেল ডেমোক্র্যাটস দলের পক্ষ থেকে বলা হয়েছে, গর্ডন ব্রাউনের সঙ্গে নিক ক্লেগের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।লিবারেল ডেমোক্র্যাটস দলের পক্ষ থেকে নিক ক্লেগকে কনজারভেটিভ ও লেবার উভয় দলের সঙ্গেই আসনভিত্তিক সমঝোতার জন্য আলোচনা করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। শনিবার রাতেও ডেভিড ক্যামেরনের সঙ্গে নিক ক্লেগের ৭০ মিনিট স্থায়ী একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যার পরিবেশ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ছিল বলে দল দুটির পক্ষ থেকে জানানো হয়েছে।এদিকে কনজারভেটিভ পার্টি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হলেও এ মুহূর্তে প্রধানমন্ত্রীর পদ থেকে ব্রাউনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন লেবার পার্টি এমপি জন ম্যান। তিনি বলেছেন, ‘আগামী কয়েক দিনের আলাপ-আলোচনার ফলাফল যা-ই দাঁড়াক না কেন, ব্রাউনের এখন প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত।’