গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমপিওভুক্ত না করায় ক্ষুব্ধ হয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এম এ খালেক নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। সকাল নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত কাশিয়ানীর পোনায় তাঁরা ব্যানার নিয়ে মহাসড়কের ওপর বসে পড়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে অবরোধস্থলের দুই পাশেই বিশাল যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে কাশিয়ানী থানার পুলিশ গিয়ে লাঠিপেটা করে অবরোধকারীদের মহাসড়ক থেকে হটিয়ে দেয় এবং ১০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু হোসেন মোল্লা (৫০), ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী নুরুল আলম (৪০), ব্যবস্থাপনা কমিটির সদস্য আইয়ুব মিয়া (৪০), ধর্ম শিক্ষক আশরাফ আলী (৩৫) এবং ছয়জন ছাত্র। পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়।ওই বিদ্যালয়ের দাতা সদস্য ফায়েকুজ্জামান বলেন, ‘বাণিজ্যমন্ত্রী ফারুক খান আমাদের ভোটে আজ এমপি। নির্বাচনের আগে তিনি ওয়াদা করেছিলেন, সরকারে গেলে এ এলাকায় কোনো স্কুল এমপিওভুক্ত হলে প্রথমেই সেটা হবে পোনা এম এ খালেক নিম্নমাধ্যমিক বিদ্যালয়। এ এলাকায় একটি স্কুল এমপিওভুক্ত হয়েছে, তবে সেটা আমাদের স্কুল নয়, সেটি ওনার এপিএসের মাদ্রাসা।’ কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অবরোধ হচ্ছে খবর পেয়ে আমরা তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। নেতৃত্বদানকারী কয়েকজনকে থানায় ডেকে আনা হয়েছে কথা বলার জন্য। গ্রেপ্তার-ট্রেপ্তার কিছু এখনো হয়নি।’