চট্টগ্রাম শহরে ছয়টি বাস ভাঙচুর, ২ ছাত্র কারাগারে
আজ সোমবার চট্টগ্রাম শহরে বিশ্ববিদ্যালয়গামী বেসরকারি পরিবহন সংস্থা তরীর ছয়টি গাড়ি ভাঙচুর করেছেন ছাত্ররা। এতে আহত হন তিনজন চালক। তাঁদের মধ্যে গুরুতর আহত জসিমউদ্দিনসহ দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় চারজন ছাত্রকে আটক করলেও পরে তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।ঘটনার পর বাসমালিকেরা গাড়িগুলো রাস্তায় এলোমেলো করে রেখে আধঘণ্টা ব্যারিকেড সৃষ্টি করেন।গ্রেপ্তার হওয়া দুই ছাত্র হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান দ্বিতীয় বর্ষের ছাত্র শাহিনুজ্জামান ও সমাজবিজ্ঞান প্রথম বর্ষের কাওসার ফেরদৌস। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ছাত্ররা আজ সকালে শহরের মুরাদপুর, ষোলোশহরসহ কয়েকটি স্থানে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে ক্যাম্পাসগামী ওই গাড়িগুলো লক্ষ্য করে দূর থেকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বাসগুলোর কাচ ভেঙে যায় এবং চালকেরা আহত হন।এ ছাড়া ছাত্ররা শাটল ট্রেনে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে চৌধুরীহাট রেলস্টেশনে নেমে মিছিল করেন এবং ১৫ থেকে ২০ মিনিট ট্রেনটি আটকে রাখেন।উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির কারণে আজও বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের সহায়তায় ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করলেও ছাত্ররা এমন হামলা চালিয়েছেন।গত ১৬ এপ্রিল আসাদুজ্জামান নামের ছাত্রলীগের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ডাক দেয়।