চট্টগ্রামে আগুনে পুড়ে মা ও ৪ সন্তান নিহত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গোয়ানমর্দন গ্রামে অগ্নিকাণ্ডে একই পরিবারের মা ও তাঁর চার শিশুসন্তান নিহত হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন মা রাজু আক্তার (৩৫), ছেলে সাইফুল ইসলাম (১০), শরিফুল ইসলাম (৩) ও সাকিবুল ইসলাম (৭ মাস) এবং মেয়ে সাথী মনি (৫)।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই গ্রামের ইব্রাহিম চৌধুরীর বাড়ি নামক পাড়ায় গতকাল রাত সাড়ে ১১টার দিকে আলী আহমেদ, বাবুল মিয়া ও শুক্কুর আলীর ঘরে আগুন লাগে। এ সময় ঘরগুলো থেকে সবাই বের হয়ে আসতে পারলেও বাবুল মিয়ার স্ত্রী রাজু আক্তার ও তাঁদের সন্তানেরা ঘরের ভেতর আটকা পড়ে। উল্লেখ্য, বাবুল মিয়া এ সময় বাড়িতে ছিলেন না। তিনি ফটিকছড়িতে মাইজভান্ডার শরিফে গিয়েছিলেন।ফায়ার সার্ভিস আরও জানায়, স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত দেড়টার দিকে আগুন নেভায়।ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত। তবে কার ঘরে প্রথম আগুন লাগে, তা জানা যায়নি। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।