চাঁদপুরে তেল সরবরাহকারী লরির চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট
তেল সরবরাহকারী একটি লরির চালককে গ্রেপ্তার করায় চাঁদপুরে পদ্মা, মেঘনা ও যমুনা তেল কোম্পানির প্রায় ২০০ লরির চালক অনির্দিষ্টকালের এক ধর্মঘট শুরু করেছে। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়ে আজ বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধর্মঘট চলছে। এতে তেল না পেয়ে চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় ১৫০টি পাম্প বন্ধ হওয়ার পথে। যমুনা তেল কোম্পানির স্থানীয় সহকারী ম্যানেজার সৈয়দ হাবিবুর রহমান বলেন, ২৪ জানুয়ারি চাঁদপুর সদরের বাগড়াবাজার এলাকায় যমুনা তেল কোম্পানির লরির চালক আবদুল মতিনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে চালান দেয়। এর প্রতিবাদে লরি শ্রমিক ফেডারেশন গতকাল মঙ্গলবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করে। তারা পরে জেলা প্রশাসকের বরাবরে একটি স্মারকলিপি জমা দেয়। ফেডারেশনের সভাপতি আবদুল কুদ্দুস জানান, কোনো কারণ ছাড়াই পুলিশ লরির চালক মতিনকে আটক করেছে। তাঁকে মুক্তি না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।এদিকে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া মতিন যমুনা কোম্পানির চালক হলেও তাঁর লরিতে মেঘনা কোম্পানির তেল বহন করছিল। এ ছাড়া তেলের ওই চালান চাঁদপুরের শাহরাস্তি যাওয়ার কথা থাকলেও তিনি তা বে-আইনিভাবে চাটখিলে নিয়ে যান।