তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে এক পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা কেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট হল, পুলিশ ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মাদার বখ্শ হলের আবাসিক ছাত্র এবং ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আওয়াল কবির গ্রুপের কর্মী দেলোয়ার হোসেন ও মনিরুজ্জামানসহ সাত-আটজন হলটির ক্যানটিন ম্যানেজার শাহ আলমকে ২১৬ নম্বর কক্ষে ডেকে নিয়ে যান। এ সময় তাঁরা ক্যানটিন ম্যানেজারের কাছে ছাত্রলীগের কোন কোন কর্মী বা হলের কোন কোন ছাত্র ক্যানটিনে ফাও খান—এ বিষয়ে জানতে চান। এ বিষয়ে ক্যানটিন ম্যানেজার তাঁদের জানান, কেউই তাঁর ক্যানটিনে ফাও খান না। এ কথা বলার সঙ্গে সঙ্গে তাঁরা ক্যানটিন ম্যানেজারকে মারধর করতে শুরু করেন। পরে এ বিষয়টি সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম গ্রুপের কর্মীরা জানতে পারেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীরা রাতে মাদার বখ্শ হলের ১০৩ নম্বর কক্ষে সমঝোতা বৈঠকে বসেন। বৈঠক চলাকালে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়, পরে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী ও সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র তোফাজ্জল হোসেন আহত হন। তোফাজ্জল হোসেনের আহত হওয়ার খবর পেয়ে সোহরাওয়ার্দী হলের ছাত্রলীগ কর্মী গোলাপ হোসেন ও মেহেদী হাসানের নেতৃত্বে ২০-২৫ জন ছাত্রলীগ কর্মী মাদার বখ্শ হলে এসে সভাপতি গ্রুপের নেতা-কর্মীদের ওপর লোহার রড, হকিস্টিক, হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালান। এতে সভাপতি গ্রুপের কর্মী দেলোয়ার হোসেন, নাসির হোসেন এবং মনিরুল ইসলাম আহত হন। সংঘর্ষ চলাকালে এক পুলিশ সদস্যও (কনস্টেবল) আহত হন। তবে তাঁর নাম জানা যায়নি। মাদার বখ্শ হলের ক্যানটিন ম্যানেজার শাহ আলম সাংবাদিকদের কাছে তাঁকে মারধরের কথা স্বীকার করেছেন। এ ব্যাপরে ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম জানান, বিষয়টি সুষ্ঠুভাবে সমাধানের জন্য তাঁরা চেষ্টা করছেন। মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বেলায়েত হোসেন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হল প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহম্মদ জাকারিয়া জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।