ছাত্রলীগের সহসভাপতির ওপর হামলা, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার ভোরে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতির ওপর হামলা চালিয়েছেন সংগঠনটির যুগ্ম সম্পাদকের পক্ষের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে এ ঘটনা ঘটে। হামলায় সহসভাপতি রাশেদ রেজা ডিকেনসহ সাত-আটজন আহত হন। ঘটনার পরপরই যুগ্ম সম্পাদক মো. আজগর আলীকে অনির্দিষ্টকালের জন্য সংগঠন থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটি। একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে তিনটার দিকে মওলানা ভাসানী হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রাশেদ রেজা ডিকেন ও তাঁর কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালান একই হলের ছাত্র এবং ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. আজগর আলীসহ তাঁর পক্ষের কর্মীরা। ডিকেন, মাহবুব মুন্না, উজ্জ্বল হোসেন, আরাফাত জামান, মোস্তফা সাদিক, আল আমিন, মাহমুদ ও সানজিরকে রামদা দিয়ে কুপিয়ে এবং রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয় এবং পরে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে ঘটনার পর আজ সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্ঝর আলমসহ কমিটির অন্য নেতারা ঘটনার সঙ্গে জড়িত আজগর আলী, কামরুল হাসান, জাকির, সম্রাট ও বায়েজিদ হাসান সোহানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।সহসভাপতি ডিকেন বলেন, ‘সুমন এবং আজগর তার ক্যাডারদের নিয়ে ঘুমন্ত অবস্থায় আমি এবং আমার কর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করে।’ যুগ্ম সম্পাদক আজগর আলী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। ঘটনার সময় আমার কক্ষের বাইরে তালা লাগিয়ে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পরে হলের আবাসিক শিক্ষকেরা হলে এলে আমার কক্ষের তালা খুলে দেওয়া হয়।’ তিনি দাবি করেন, ডিকেন ও তাঁর সমর্থকেরা বিভিন্ন সময় হলের জুনিয়র কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করায় দীর্ঘদিনের ক্ষোভ থেকে তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম বলেন, হলে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার জন্য এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কেন্দ্রীয় কমটির নেতাদের নির্দেশে মো. আজগর আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. ফরহাদ হোসেন বলেন, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া অতি দ্রুত সভা ডেকে সর্বসম্মতিক্রমে প্রকৃত অপরাধীদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।প্রসঙ্গত, ২০ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি।