জঙ্গিদের ভারতীয় বিমান ছিনতাইয়ের পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকার সে দেশের সব ধরনের বিমান, বিশেষ করে জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিমানগুলোকে সর্বোচ্চ নিরাপত্তায় রেখেছে। আল-কায়েদাসহ পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গ্রুপ লস্কর-ই-তাইয়েবা, জামাত-উদ-দাওয়া এবং অন্য কয়েকটি জঙ্গি দল একটি ভারতীয় বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করছে—গোয়েন্দাদের এমন তথ্যের ভিত্তিতে ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়া এ কথা জানায়। নয়াদিল্লি সরকার প্রতিবেশী সার্ক দেশগুলোয় চলাচলকারী সব ভারতীয় বিমানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে এবং এসব রুটে চলাচলকারী বিমানে স্কাই মার্শাল নিয়োগ করতে বলেছে। দেশগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান এবং এমনকি ভারত নিজেও। গোয়েন্দারা জানিয়েছেন, সন্ত্রাসীরা ঢাকা, মিয়ানমার কিংবা শ্রীলঙ্কার কলম্বো থেকে বিমান ছিনতাইয়ের চেষ্টা করতে পারে। ভুটানে চলাচলকারী বিমানগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেসামরিক বিমান সংস্থাসহ সব বিমানকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলেছে। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের বাইরের দূতাবাসগুলোকে এয়ার ইন্ডিয়া ও অন্য ভারতীয় পরিবহনের কর্মকর্তাদের আসন্ন ঝুঁকি সম্পর্কে নির্দেশ দিতে বলেছে।