জনসংখ্যা সমস্যা নিয়ে প্রচার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল জনসংখ্যাকে দেশের এক নম্বর সমস্যা বলা হলেও এর নিয়ন্ত্রণ নিয়ে প্রচার-প্রচারণা বিশেষ দৃশ্যমান নয়। এ ক্ষেত্রে একদিকে বরাদ্দ কম, অন্যদিকে বরাদ্দ করা অর্থও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে খরচ হয় না। বিশেষজ্ঞদের মতে, সার্বিকভাবে পরিবার পরিকল্পনা কার্যক্রমে যে ঝিমিয়ে পড়া ভাব, তার অন্যতম কারণ এটি।সরকারের সর্বশেষ জনমিতি ও স্বাস্থ্য জরিপ অনুযায়ীই দেশের ১৫ থেকে ৪৯ বছর বয়সী ৬২ শতাংশ নারী ও ৩১ শতাংশ পুরুষের কাছে জন্মনিয়ন্ত্রণের বার্তা বা তথ্য পৌঁছায় না। স্পষ্টতই এতসংখ্যক মানুষকে তথ্য না দিয়ে জনসংখ্যা কার্যক্রম সফল করা সম্ভব নয়। কিন্তু এদের প্রচার-প্রচারণার আওতায় আনার কার্যকর কোনো উদ্যোগ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নেই।তুলনামূলকভাবে ক্ষুদ্র এই দেশে কিলোমিটারপ্রতি জনসংখ্যার ঘনত্ব বিশ্বের সর্বোচ্চ। আর মোট জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে অষ্টম বৃহত্তম।বিশেষজ্ঞরা বলছেন, গত শতকের সত্তর-আশির দশকে জনসংখ্যা কর্মসূচির সাফল্যের পেছনে আচরণগত পরিবর্তন বিষয়ে প্রচারণার বড় ভূমিকা ছিল। জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি ও জাতীয় কর্মসূচি সম্পর্কে মানুষ রেডিও-টেলিভিশনের মাধ্যমে জানতে পারত। রাস্তার পাশে চোখে পড়ত পোস্টার ও বিলবোর্ড। কিন্তু সে ধরনের প্রচার আজ আর নেই।ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষক অধ্যাপক এ কে এম নুরুন নবী বলেন, প্রচার-প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে মানুষ কর্মসূচিতে অংশ নেয়। তবে গত শতকের প্রচারণা কৌশল দিয়ে এই শতকে মানুষকে আকৃষ্ট করা যাবে না। গণমাধ্যমপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে, চরিত্র বদলেছে। সরকারকে নতুনভাবে উদ্যোগ নিতে হবে।এ ব্যাপারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এম এম নিয়াজউদ্দিন বলেন, ‘প্রচার-প্রচারণা আগের মতোই আছে। তবে তা দৃশ্যমান নয়। আমরা বাড়ানোর উদ্যোগ নিয়েছি।’প্রচার পরিস্থিতি: লোকে এখন পরিবার পরিকল্পনা বা জন্মনিয়ন্ত্রণ-সম্পর্কিত তথ্য ও বার্তা পায় রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, সাময়িকী, পোস্টার, বিলবোর্ড, প্রচারপত্র, মাইকিং ও মাঠকর্মীদের কাছ থেকে। তথ্য পাওয়ার ক্ষেত্রে নিরক্ষর ও দরিদ্র মানুষের অবস্থা বেশি খারাপ। জনমিতি ও স্বাস্থ্য জরিপ অনুযায়ী নিরক্ষর ৭৯ শতাংশ ও দরিদ্র ৮৫ শতাংশ নারী কোনো মাধ্যম থেকেই জন্মনিয়ন্ত্রণের বার্তা পায় না। নিরক্ষর ও দরিদ্র পুরুষের মধ্যে এই হার যথাক্রমে ৬০ ও ৬২ শতাংশ।জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণপ্রতিষ্ঠানের পরিচালক (গবেষণা) আহমেদ আল সাবির বলেন, দরিদ্র ও নিরক্ষর মানুষের মধ্যে জন্মহার বেশি। অথচ এদের কাছে রেডিও-টেলিভিশন বা পোস্টার-বিলবোর্ডের বার্তা পৌঁছায় না।’ তিনি ‘ঢালাও’ প্রচারণার বদলে বিশেষ জনগোষ্ঠীর জন্য বিশেষ প্রচারণার ওপর জোর দেন।গণমাধ্যমের যুগেও পিছিয়ে: দেশে গত শতকের ষাট, সত্তর ও আশির দশকে গণমাধ্যম বলতে বাংলাদেশ টেলিভিশন ও রেডিও বাংলাদেশকেই বোঝাত। এখন অনেক প্রচারমাধ্যম এলেও তা কার্যকরভাবে কাজে লাগানো হচ্ছে না। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, বিজ্ঞাপন অনেক বেড়ে যাওয়ায় পরিবার পরিকল্পনার বার্তা আলাদা করে চোখে পড়ছে না। অধ্যাপক নুরুন নবী বলেন, অন্য আরও অনেক বিলবোর্ডের ভিড়ে এখন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিলবোর্ড আলাদা করে চোখে পড়ে না।সরকার একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের জনসংখ্যা কার্যক্রমের প্রভাব বিষয়ে একটি জরিপ করিয়েছে। জরিপটির প্রতিবেদনে বলা হয়েছে, পরিবার পরিকল্পনা কর্মসূচির বার্তা ও অনুষ্ঠানের মান বাড়ানোর পাশাপাশি সম্প্রচারের সময় বাড়াতে হবে।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, ২০১১-২০১৬ সাল মেয়াদে স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচিতে প্রচারণা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির দলিলে দেখা যায়, পাঁচ বছরে রেডিওতে অনুষ্ঠান প্রচারিত হবে ৫৬ হাজার ৪০০। অর্থাৎ বছরে ১১ হাজার ২৮০টি। গত বছর প্রচারিত হয় ১০ হাজার ৮০টি। টিভি অনুষ্ঠান পাঁচ বছরে প্রচারিত হবে তিন হাজার ৮১৪টি। অর্থাৎ বছরে ৭৬৩টি। গত বছর প্রচারিত হয় ৩৩৬টি। বিলবোর্ডসহ অন্যান্য প্রচারসামগ্রীর পরিমাণও বাড়ানো হয়েছে সামান্য। বিশেষজ্ঞরা বলছেন, এই বৃদ্ধিতে প্রচার-প্রচারণা যথেষ্ট দৃশ্যমান হবে না।বেসরকারি চ্যানেলের পরিস্থিতি: সরকারের জরিপটিতে বেসরকারি স্যাটেলাইট টিভিকে কাজে লাগানোর কথাও বলা হয়েছে। কিন্তু বেসরকারি চ্যানেলে অনুষ্ঠানের স্পষ্ট কোনো পরিকল্পনা পাঁচ বছরের কর্মসূচিতে নেই।গত ২০১০-২০১১ অর্থবছরে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আটটি টিভি চ্যানেলে ১০টি স্পট প্রচার করেছে। প্রতিটি স্পট একটি চ্যানেলে মাত্র আটবার প্রচারিত হয়েছে। ২৬ পর্বের একটি নাটক দুটি চ্যানেলে প্রচারিত হয়েছে। এ ছাড়া চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মাত্র একবার করে দেখানো হয়েছে একটি চ্যানেলে।গত বছরের হিসাবে সব চ্যানেল মিলে সরকারের জনসংখ্যাবিষয়ক স্পটগুলো দিনে গড়ে মাত্র দেড় থেকে পৌনে দুই মিনিট করে প্রচারিত হয়েছে। তুলনায় (বিজ্ঞাপনী সংস্থা সূত্রমতে) মুঠোফোন কোম্পানিগুলো দৈনিক গড়ে ৪০ মিনিট করে তাদের বিজ্ঞাপন প্রচার করে।বিজ্ঞাপনচিত্র নির্মাতা ও বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, একটি চ্যানেলে একটি স্পট বছরে মাত্র আটবার দেখানো প্রয়োজনের তুলনায় খুবই কম। লোকে এখন বোতাম টিপে এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে যাচ্ছে। সব চ্যানেলে পর্যাপ্ত সংখ্যায় না থাকলে বিজ্ঞাপন দর্শকের চোখে পড়বে না। আফজাল বিজ্ঞাপনের সংখ্যা ও বাজেট বাড়ানোর পরামর্শ দেন।তবে আহমেদ আল সাবির ও অধ্যাপক নুরুন নবী বলেন, বাজেট না বাড়িয়েও সম্ভবত কাজটি করা যেতে পারে। সরকার দেশের এক নম্বর সমস্যা হিসেবে জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি প্রচার করার জন্য বেসরকারি চ্যানেল-মালিকদের অনুরোধ করতে পারে। প্রয়োজনে নীতিমালা বা আইন করতে পারে।ভুল বরাদ্দ: জরিপে ও গবেষণায় দেখা গেছে, ১০ শতাংশ মানুষ পরিবার পরিকল্পনার বার্তা পায় বিলবোর্ড, পোস্টকার্ড বা লিফলেটের মাধ্যমে। অন্যদিকে ৩১ শতাংশ মানুষের কাছে বার্তা পৌঁছায় টেলিভিশনের মাধ্যমে। কিন্তু দেখা যায়, বিলবোর্ডের ক্ষেত্রে বরাদ্দ বেশি।জনবলের সংকট: প্রচার-প্রচারণার মূল কাজটি করে অধিদপ্তরের তথ্য, শিক্ষা ও উদ্বুদ্ধকরণ ইউনিট। এই ইউনিটের পরিচালক প্রশাসন ক্যাডার থেকে এসেছেন। ইউনিটে জনসংখ্যা যোগাযোগ কর্মকর্তার সাতটি পদের পাঁচটিই এখন শূন্য। এডিটিং ও প্রচার, ডকুমেন্টেশন, ডেসিমিনেশন ও তথ্য কর্মকর্তা—এই চারটি পদই দীর্ঘদিন ধরে শূন্য। শিল্পীর চারটি পদই শূন্য। এই শাখায় কোনো গবেষকের পদই নেই।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অধ্যাপক নুরুন নবী বলেন, জনবলের তথ্য থেকে এটা স্পষ্ট যে প্রচার-প্রচারণা কতটা অবহেলার শিকার।