জাল নোট তৈরি চক্রের আরও চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল নোট তৈরি ও বেচাকেনায় জড়িত আরও চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁদের কাছ থেকে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৮০ লাখ টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাতে ডিবি এ অভিযান চালায়।গ্রেপ্তার হওয়া চারজন হলেন—সাইফুল ইসলাম, সুমন, আলাউদ্দিন ও তাঁর স্ত্রী শাহীন আক্তার। ডিবি দাবি করে, ১৫ অক্টোবর গ্রেপ্তার করা জাল নোট তৈরির একটি চক্রের প্রধান হুমায়ুন কবির, তাঁর সহযোগী আবুল খায়ের ও পলাশের তথ্যের ভিত্তিতে এ চারজনকে গ্রেপ্তার করা হয়।ডিবি দাবি করে, হুমায়ুনসহ ওই তিনজনকে গ্রেপ্তার করেছিল ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমানের নেতৃত্বে একটি দল। তাঁদের তথ্যের ভিত্তিতে ডিবির একই দল মঙ্গলবার রাতে ঢাকার খিলক্ষেত থেকে জাল নোট তৈরির বিশেষজ্ঞ সাইফুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে। এরপর দক্ষিণখানের প্রেমবাগান এলাকার বাসা থেকে চক্রের আরেক সদস্য সুমনকে (২৮) গ্রেপ্তার করা হয়। ওই বাসা থেকে ৫১ লাখ টাকার এক হাজার ও ৫০০ টাকার জালনোট, একটি ডেস্কটপ কম্পিউটার, জলছাপ দেওয়ার যন্ত্রপাতি, জাল নোট ছাপার কালি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের নিয়ে ডিবি পুলিশ কেরানীগঞ্জের চুনকুটিয়ায় জাল নোট তৈরির আরেকটি চক্রের প্রধান কাওছার হোসেনের জাল নোটের কারখানায় অভিযান চালায়। সেখানে কাউকে না পাওয়া গেলেও জাল নোট তৈরির একটি স্ক্যানিং যন্ত্র উদ্ধার করা হয়।মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ধানমন্ডির একটি মেস থেকে জাল মার্কিন ডলার ও ভারতীয় রুপি ব্যবসায়ী আলাউদ্দিনকে (৪২) গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যের ভিত্তিতে কাঁঠালবাগানে তাঁর বাসা থেকে জাল সাড়ে তিন লাখ ভারতীয় রুপি ও ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার ও আলাউদ্দিনের স্ত্রী শাহীন আক্তারকে (৩৭) গ্রেপ্তার করা হয়।ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, জাল রুপি ও ডলার ব্যবসায়ী আলাউদ্দিন ধূর্ত প্রকৃতির। ডিবিকে তিনি তাঁর বাসার ঠিকানা দিতে রাজি হচ্ছিলেন না। তাঁর মুঠোফোনের সূত্র ধরে ও কৌশল খাটিয়ে বাসা শনাক্ত করা হয়। আলাউদ্দিন কলবেল চেপে স্ত্রীকে দরজা খুলতে বললেও শাহীন দেড় ঘণ্টায়ও দরজা খোলেননি। এর মধ্যে তিনি জাল রুপি ও ডলার তৈরির উপকরণ সরিয়ে ফেলেন। কিন্তু জাল মুদ্রা সরাতে পারেননি। শাহীন বাথরুমে যাওয়ার বাহানায় ওপর থেকে বস্তায় ভরে জাল মুদ্রা নিচে ফেলতে থাকেন। ডিবির গাড়িচালক বিষয়টি তাঁকে (মশিউর) ফোনে জানান। পরে নিচ থেকে জাল রুপি ও ডলার উদ্ধার করা হয়।ডিবির এই কর্মকর্তা আরও বলেন, এ চক্র সারা বছরই জাল নোট তৈরি করে। তবে ঈদ এলে তাদের তৎপরতাও বাড়ে। রাজধানীজুড়ে ১০টি চক্র জাল নোট তৈরি ও বাজারজাত করছে। এর সাতটিকে ডিবি শনাক্ত করেছে। চারটির সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে ডিবি তৎপর রয়েছে।দেশি-বিদেশি জাল নোট উদ্ধারের ঘটনায় গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম কেন্দ্রে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি-উত্তর) মোল্ল্যা নজরুল ইসলাম এবং গণমাধ্যম সামাজিক সেবা শাখার এডিসি মো. মাসুদুর রহমান।মোল্ল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ১৫ অক্টোবর থেকে এ নিয়ে ডিবির হাতে গ্রেপ্তার হওয়া সাতজনই দীর্ঘদিন দেশি-বিদেশি জাল নোট তৈরি ও বেচাকেনার সঙ্গে জড়িত। এরা ডিবির হাতে একাধিবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবার এই ব্যবসায় জড়িয়ে পড়ে। জাল নোট তৈরির যে পরিমাণ উপকরণ উদ্ধার করা হয়েছে তা দিয়ে ৫০ কোটি টাকার জাল নোট তৈরি সম্ভব। তিনি বলেন, মঙ্গলবার গ্রেপ্তার হওয়া চারজনকে আজ বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড চেয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হবে। এর আগে গ্রেপ্তার হওয়া হুমায়ুন কবির, খায়ের ও পলাশকে দ্বিতীয় দফায় রিমান্ডে আনা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল সাংবাদিকদের সামনে আনা হয়। তাঁরা গণমাধ্যমকর্মীদের কাছে জাল নোট তৈরি ও বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। হুমায়ুন জাল নোট তৈরির পদ্ধতি গণমাধ্যমকর্মীদের দেখান।