জাল নোট তৈরিতে সক্রিয় ২১ চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল নোট তৈরি ও বাজারজাতের সঙ্গে জড়িত রয়েছে বেশ কয়েকটি চক্র। এমন ২১টি চক্রকে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্র জানায়, নিজের আত্মীয় আর অতি ঘনিষ্ঠজনদের নিয়ে গড়ে উঠেছে এসব চক্র। গোপনীয়তা রক্ষা ও অবৈধ কারবারে একচেটিয়া নিয়ন্ত্রণ রাখতে চক্রগুলো একে অন্যের সঙ্গে সমঝোতা করে চলে।গত এক সপ্তাহে গ্রেপ্তার হওয়া এমন ছয়টি চক্রের ছয়জন প্রধানসহ আটজনকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পাওয়া গেছে বলে ডিবি সূত্র জানিয়েছে।বিপুল জাল টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে হুমায়ুন কবির, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, সুমন, পলাশ ও আলাউদ্দিন ছয়টি জালিয়াত চক্র পরিচালনা করে।ডিবি সূত্রমতে, বাকি ১৫টি চক্রের প্রধানেরা হলো: কাওছার হোসেন, জাকির হোসেন, আবদুর রশীদ, মাহবুব মোল্লা, জহির, আবদুল্লাহ, সেলিম, মিন্টু ওরফে রাজা, হাবিব, রুবিনা, মামুন, আয়নুল, সোলায়মান মজুমদার, পারভেজ ও আবুল কালাম। একেকটি চক্রে ২০ থেকে ৩০ জন সদস্য রয়েছে।এসব চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী ডিবির দুই সহকারী কমিশনার মশিউর রহমান ও গোলাম আজাদ খান প্রথম আলোকে বলেন, এই ১৫টি চক্রের প্রধানদের নাম-পরিচয় পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বাজারে নতুন নোট ছাড়ার পর এই চক্রগুলোর তৎপরতা বেশ বেড়ে যায়। নতুন নোটের সঙ্গে মানুষের পুরোপুরি পরিচিত হতে সময় লাগে, আর এটাকে সুযোগ হিসেবে কাজে লাগায় তারা। এ ছাড়া প্রতিটি ঈদুল আজহাকে কেন্দ্র করেও চক্রগুলোর তৎপরতা বাড়ে। তারা জাল টাকা বাজারজাত করার ক্ষেত্রে কোরবানির পশুর হাটকে অপেক্ষাকৃত সহজ মনে করে।ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, জালিয়াত চক্রকে ধরতে ডিবি নজরদারি বাড়িয়েছে। একই সঙ্গে রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল নোট শনাক্তের যন্ত্র রাখতে ইজারাদারদের নির্দেশ দেওয়া হয়েছে।যেভাবে গড়ে ওঠে চক্র: পুলিশ সূত্র জানায়, চক্রের সম্প্রতি ধরা পড়া সদস্যরা জিজ্ঞাসাবাদে বলেছে, জাল নোটের কাঁচামাল সংগ্রহ ও তৈরির কাজে আত্মীয়-পরিজন বা ঘনিষ্ঠজনদের তারা যুক্ত রাখে, যাতে কলাকৌশল বেশি কেউ শিখতে না পারে। এতে গোপনীয়তাও বজায় রাখা যায়। তবে সমঝোতার ভিত্তিতে চক্রের সদস্যরা আলাদা জাল টাকার ‘কারখানা’ গড়ে তুলতে পারে।ডিবির কর্মকর্তারা জানান, একটি চক্রের গ্রেপ্তার হওয়া প্রধান হুমায়ুন এর আগে তৈরি পোশাক কারখানায় কাপড়ে রং করার (ডাইং) কাজ করত। রিমান্ডে সে জানায়, তার ভাই কাওছার আগে থেকে জালিয়াত চক্রের সদস্য ছিল। সে পরে নিজে একটি চক্র গড়ে তোলে। এরপর কাওছারের হাত ধরে এ পেশায় আসে হুমায়ুন। পরে হুমায়ুন নিজে আরেকটি চক্রের প্রধান হয়। আর হুমায়ুনের সঙ্গে বন্ধুত্বের সূত্রে এ পেশায় আসে সুমন ও বাবু। দুজন আগে পুরান ঢাকায় জর্দার কৌটায় রং লাগানোর কাজ করত। এখন সুমন নিজেই একটি চক্রের দলনেতা।একইভাবে হুমায়ুনের হাত ধরে আলাউদ্দিন ও পলাশ এ পেশায় যুক্ত হয়। তারা দুজন আগে আবাসিক হোটেলে একসঙ্গে বয়ের চাকরি করত। হুমায়ুনের সঙ্গে বন্ধুত্ব ছিল। এ দুজন পরে দুটি চক্রের প্রধান হয়। তারাও সম্প্রতি ধরা পড়ে।সূত্র জানায়, একইভাবে আরেকটি চক্রের প্রধান সগিরের হাত ধরে এ পেশায় আসে তারই ঘনিষ্ঠ বন্ধু রশীদ। পরে রশীদ নিজেই দলনেতা হয়।ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমান বলেন, এসব চক্র ফ্ল্যাটবাড়ি ভাড়া করে জাল টাকা তৈরি করে। কিন্তু নিজেরা ভাড়া থাকে বিভিন্ন মেসে নিম্ন আয়ের মানুষের সঙ্গে, গ্রেপ্তার হলেও যাতে পুলিশ তাদের কারখানার সন্ধান না পায়। তবে তাদের স্ত্রী-সন্তানেরা থাকে দামি ফ্ল্যাটে। বাচ্চারা পড়ে নামী স্কুলে। রয়েছে নিজস্ব গাড়িও। তারা ধরা পড়লে দ্রুত আদালত থেকে জামিন করানোর জন্য আইনজীবীও আগে থেকে ঠিক করা আছে।ডিবি সূত্র জানায়, চলতি বছর জাল নোট তৈরি ও বেচাকেনার সঙ্গে জড়িত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকেই অল্প দিনের মধ্যে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবার পুরোনো পেশায় যুক্ত হয়।বাজারজাতের কৌশল: জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সাধারণত কাঁচাবাজার ও বিপণিবিতানে কেনাকাটা করে চক্রগুলো জাল নোট বাজারজাত করে। তারা ১০০ টাকার জাল নোট ভাঙাতে ১০ টাকা, ৫০০ টাকা ভাঙাতে ১০০ টাকা কিংবা এক হাজার টাকা ভাঙাতে এক-দুই শ টাকার কেনাকাটা করে। এ ছাড়া তারা ওপরে-নিচে দু-চারটি আসল নোট দিয়ে ভেতরে সব জাল নোট দিয়ে ৫০ হাজার কিংবা এক লাখ টাকার বান্ডিল তৈরি করে। এসব বান্ডিল দিয়ে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), রেফ্রিজারেটর বা দামি আসবাব কেনাকাটা করে। পরে ব্যবসায়ীরা ওই সব টাকার বান্ডিল ব্যাংকে জমা দেন। বেশির ভাগ ক্ষেত্রে ব্যাংক যন্ত্রের সাহায্যে টাকা গণনা করে জমা নেয়। এভাবে জাল টাকা ব্যাংক থেকে এটিএম বুথেও অনেক সময় ছড়িয়ে পড়ে।