জিতলেই শেষ চারে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলই বেশ ফুরফুরে মেজাজে। আবার উত্তেজনারও কমতি নেই। কারণ, বারবাডোজের ব্রিজটাউনে আজকের ম্যাচে জিতলেই শেষ চার নিশ্চিত। তাও আবার প্রথম দল হিসেবে! হারলেও খুব বেশি ক্ষতি নেই। সে ক্ষেত্রে পরের ম্যাচে জয় পেতে হবে। তবে অপেক্ষা করতে রাজি নয় কোনো দলই। আজ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করতে চায় নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে পয়েন্ট তালিকায় দুই দলের মধ্যে ব্যবধান ছিল। এক ম্যাচে জয় পাওয়ায় ২ পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে কোনো ম্যাচে জয় না পেয়েও এ পর্বে এসেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে হারের পর বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ১ পয়েন্ট নিয়ে সুপার এইটে এসেছে পল কলিংউডের দল। তবে সুপার এইটের ‘ই’ গ্রুপে এই দুই দলের মধ্যে কোনো ব্যবধান নেই। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডকে ও ইংল্যান্ড পাকিস্তানকে হারানোর সুবাদে ২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা।শক্তির ব্যবধানের মতো কথার লড়াইয়েও কেউ কারও চেয়ে কম যায় না দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন ক্রিকইনফোকে বলেছেন, ‘আমি ছয় বছর ধরে ইংল্যান্ড দলে খেলছি। বিশ্বাস করুন, এবারের মতো অবিশ্বাস্য রকমের শক্তিশালী ব্যাটিং লাইনআপ আগে কখনো দেখিনি।’অন্যদিকে প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার সেরা খেলা দেখানো এখনো বাকি রয়েছে।