জ্যোতি বসুকে দেখতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো সংকট কাটেনি জ্যোতি বসুর। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটায় হাসপাতালের চিকিত্সকেরা জানিয়েছেন, চিকিত্সার ফলে জ্যোতি বসুর অবস্থার সামান্য উন্নতি হলেও পুরোপুরি সংকট এখনো কাটেনি।এদিকে জ্যোতি বসুর সংকটজনক অবস্থার খবর শুনে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আজ বৃহস্পতিবার দুপুরে কলকাতায় আসার কথা রয়েছে। দিল্লি থেকে বিশেষ বিমানে তিনি কলকাতা বিমানবন্দরে নেমে সোজা হাসপাতালে যাবেন। সেখানে জ্যোতি বসুকে দেখে তিনি আবার দিল্লিতে ফিরে যাবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়েরও আসার কথা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রবীণ এই কমিউনিস্ট নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১ জানুয়ারি সল্টলেকের এএমআরআই হাসপাতালে ভর্তি হন। কিন্তু মঙ্গলবার গভীর রাতে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে অক্সিজেন দিয়ে রাখা হয়। এখনো তিনি অচেতন অবস্থায় রয়েছেন। তবে বিশেষ ব্যবস্থায় তাঁকে খাওয়ানো হচ্ছে। চিকিত্সক এ কে মাইতির নেতৃত্বে ছয় সদস্যের একটি চিকিত্সক দল জ্যোতি বসুর চিকিত্সা করছে।