টিয়ার শেলে নয়, ইটের আঘাতে মারা গেছেন আবু বকর : পুলিশ কমিশনার
ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বকর সিদ্দিক পুলিশের টিয়ার শেলে মারা যাননি। দুই গ্রুপের মারামারির সময় ইটের আঘাতে তার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পুলিশ কমিশনার বলেন, ‘মামলা দায়েরের সময় আবু বকরের বন্ধু অভিযোগ করেছেন গুলির আঘাতে তার মৃত্যু হয়েছে। কিন্তু লাশের সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে, ভোঁতা কোনো কিছুর আঘাতেই আবু বকর মারা গেছেন। তাঁর মৃতদেহে গুলির কোনো আলামত মেলেনি। তিনি আরও দাবি করেন, পুলিশের টিয়ার শেলের আঘাতে মারা যাওয়ার যৌক্তিক কারণ নেই। কারণ, পুলিশ যে ধরনের টিয়ার শেল ব্যবহার করে তাতে শেলের শক্ত অংশ নিক্ষেপক অস্ত্রের সঙ্গেই থেকে যায়। নরম অংশটুকু দূরে ছড়িয়ে পড়ে। এই নরম অংশের আঘাতে কারও মৃত্যু হওয়া অসম্ভব। আগে রাশিয়া থেকে আমদানিকৃত টিয়ার শেলে পুলিশ শক্ত অংশ ব্যবহার করত। কিন্তু এখন আর সেটা ব্যবহার হয় না বলে পুলিশ কমিশনার দাবি করেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই গ্রুপের মারামারির সময় এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইট ছোড়ে। আর এর মধ্য থেকে কোনো ইটের আঘাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বকর মারা গেছেন। উল্লেখ্য, গত সোমবার রাতে এ এফ রহমান হলে ছাত্রলীগের হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের সংঘর্ষে আহত হন ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু বকরসহ ২৫ জন। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বকরের মৃত্যু হয়।