কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদ অগ্রিম টিকিট বিক্রি করেও সময়মতো না ছাড়ায় আজ শনিবার দুপুর একটার দিকে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় ৩০০ পর্যটক বিক্ষোভ করেন। এ ব্যাপারে টেকনাফের উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেছেন, কেয়ারী সিন্দাবাদ জেলা প্রশাসনের অনুমতি না নিয়ে অগ্রীম টিকেট বিক্রি করছিলো। । তাই ঘাট ছেড়ে তাঁদের যেতে দেওয়া হয়নি। আজ সকাল ১০টায় সেন্টমার্টিনের উদ্দেশ্যে কেয়ারী সিন্দাবাদের যাওয়ার কথা ছিলো। দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৩০০ যাত্রী সকাল থেকে টেকনাফের দমদমিয়া কেয়ারী সিন্দাবাদের ঘাটে অপেক্ষা করছিলেন। কিন্তু বেলা একটার সময়ও জাহাজ না ছাড়ায় পর্যটকরা বিক্ষোভ শুরু করেন।ঢাকা ও রাজশাহী থেকে বেড়াতে আসা পর্যটক হোসেন মোরশেদ ও কামরুজ্জামান ক্ষোভপ্রকাশ করে আমাদের টেকনাফ প্রতিনিধিকে বলেছেন, আমাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে না । টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এস আই) শওকত হোসেন প্রথম আলোকে বলেছেন, কোনো যাত্রী প্রতারণার অভিযোগ দাখিল করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।