ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার টাটকী এলাকায় আজ বুধবার সকালে অ্যারো অ্যাপারেলস অনির্বাণ ও অ্যারো অ্যাপারেল মোহাম্মদী নামে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কারখানায় হামলা ও ভাঙচুর করেছেন। তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। ভাঙচুর করে বেশ কয়েকটি যানবাহন। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিচার্জে ২০ জন আহত হয়েছে। অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা একটার দিকে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার জানান, ওই দুটি পোশাক তৈরির কারখানায় প্রায় দুই হাজার শ্রমিক কাজ করেন। আজ সকাল আটটায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেতন-ভাতা ও হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কারখানায় বিক্ষোভ দেখান। তাঁরা কারখানায় হামলা ও ভাঙচুর চালান। বেলা ১১টায় ক্ষুব্ধ শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে ও বিক্ষোভ করে যান চলাচলে বাধা দেন। ফলে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১২টায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে লাঠিচার্জ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। শ্রমিকেরা জানান, বেতন-বোনাস ও হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে তাঁরা। এ সময় পুলিশ তাঁদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করেছে।