দীর্ঘ পাঁচ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে আজ বুধবার পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর সকাল পৌনে নয়টায় আবার চালু হয়েছে। ভোর পৌনে চারটা থেকে সকাল পৌনে নয়টা পর্যন্ত এই রুটে ফেরি ও সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় প্রচণ্ড ঠান্ডায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফউল্লাহ জানান, গতকাল মঙ্গলবার রাতে কুয়াশার মধ্যেই ফেরি চলাচল করছিল। কিন্তু ভোরের দিকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকায় কিছুই দেখা যাচ্ছিল না। তাই ভোর পৌনে চারটা থেকে কর্তৃপক্ষ এই রুটে সব ধরনের নৌযান ও ফেরি চলাচল বন্ধ করে দেয়। এ সময় আমানত শাহ, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও করবী নামে চারটি ফেরি যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে। একই সঙ্গে পাটুরিয়া ঘাটে তিনটি ও দৌলতদিয়া ঘাটে দুটি ফেরি যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক বোঝাই করে নোঙর করে ছিল। এ সময় উভয় ঘাটে শতাধিক যাত্রীবাহী বাস ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তবে আজ সকাল পৌনে নয়টার দিকে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।