নম্বরবিহীন ফ্যাক্স বার্তায় আইনমন্ত্রীকে হুমকি
আইনমন্ত্রী শফিক আহমেদকে হুমকি দেওয়া হয়েছে। হুমকিতে বলা হয়েছে, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হলে তাঁকে চরম মূল্য দিতে হবে। আইনমন্ত্রী আজ বৃহস্পতিবার তাঁর অফিসে সাংবাদিকদের হুমকির বার্তাটি দেখিয়েছেন।জানা গেছে, গতকাল বুধবার রাত ১১টার দিকে নম্বরবিহীন অবস্থায় বার্তাটি আইনমন্ত্রীর দপ্তরে আসে। আজ সকালে দপ্তরের কর্মচারীরা মন্ত্রীর টেবিলে অন্যান্য কাগজপত্রের সঙ্গে সেটি রেখে যান। দুপুর ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী নিজেই হুমকির বিষয়টি জানান। আইনমন্ত্রীকে উদ্দেশ করে বার্তায় বলা হয়েছে, ‘আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি যে আপনি মুজিব হত্যাকাণ্ডের আসামিদের ফাঁসির আদেশ কার্যকর করবেন না। করলে এর জন্য আপনাকে চরম মূল্য দিতে হবে।বার্তাটির ওপরে বড় হরফে লেখা মো. খুরশিদ, মো. নওয়াব আলী, আ. হালিম ও শাহজাহান নামের চার ব্যক্তির নাম লেখা রয়েছে। এতে ঠিকানা লেখা হয়েছে: আগ্রাবাদ শি/এ, চট্টগ্রাম। জাহান ইলেকট্রনিকস নামে একটি দোকান থেকে ফ্যাক্সটি পাঠানো হয়েছে।এ হুমকির ব্যাপারে শফিক আহমেদের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো প্রতিক্রিয়া নেই। সাংবাদিকেরাই প্রতিক্রিয়া দেবেন।’