নারী নেতৃত্ব হারাম হলেও প্রয়োজনে মেনে নিয়েছি: আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনী বলেছেন, ‘নারী নেতৃত্ব কোরআন-হাদিস সমর্থন করে না। কিন্তু প্রয়োজনে আমরা একজনের (খালেদা জিয়া) নেতৃত্ব মেনে নিয়েছি। কারণ একজন ইসলামের পক্ষে কিছু কথা বলেন, আর অন্যজন (শেখ হাসিনা) ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’ আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আইন বাস্তবায়ন কমিটির পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির।মুফতি আমিনীর কাছে জানতে চাওয়া হয়েছিল, একসময় তাঁরা নারী নেতৃত্বকে হারাম বললেও এখন নারী নেতৃত্ব মেনে নিয়ে বিএনপির সঙ্গে জোট করেছেন কেন?সরকারের ‘দেশ ও ইসলামবিরোধী’ কর্মকাণ্ডের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। মূল বক্তব্যে মুফতি আমিনী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড বর্ণনা করে এগুলো ইসলাম ও কোরআন-বিরোধী বলে আখ্যা দেন।আমিনী দাবি করেন, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সব ধরনের ফতোয়া নিষিদ্ধের ঘোষণা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পত্তিতে নারী-পুরুষের সমানাধিকার দেওয়ার ঘোষণা ও সর্বশেষ আইনমন্ত্রী শফিক আহমেদের আপিল বিভাগ পঞ্চম সংশোধনী বাতিল করলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হতে পারে—এসব বক্তব্যে প্রমাণিত হয়েছে সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।আন্দোলনের হুমকি দিয়ে আমিনী বলেন, আওয়ামী লীগ এ দেশে ইসলামী কার্যক্রম বন্ধ করতে চায়। ইসলামকে ধ্বংস করা হবে, আর ইসলামপন্থীরা বসে থাকবে—এটা হবে না। কিছু দালাল আলেম কিনে, তাঁদের মাঠে নামিয়ে সরকার কিছু করতে পারবে না।আলেমরা তাহলে কি টাকায় কেনা-বেচা হয়? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুফতি আমিনী বলেন, ‘কিছু লোককে যে কেনা যায়, এটা নতুন না। আকবরও কিনেছে, কিনেছে ফয়েজও। তবে হাক্কানি আলেমরা বেচাকেনা হয়, এটা আমি বিশ্বাস করি না।’আপিল বিভাগ পঞ্চম সংশোধনী বাতিল করে দিলে কী করবেন—এই প্রশ্নের জবাবে আমিনী বলেন, ‘হাইকোর্টের দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল। আমরা তার বিরুদ্ধে বলিনি? হাইকোর্ট কোরআন নিষিদ্ধ করবে—এটা আমরা মানব না।’হাইকোর্টের রায় পড়েছেন কি না, জানতে চাইলে এর জবাব না দিয়ে আমিনী বলেন, আইনমন্ত্রী অগ্রিম বলে দিয়েছেন, আপিল বিভাগে রায় বহাল থাকলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হবে। এতে ইসলাম সম্পর্কে তাঁদের অ্যালার্জি প্রকাশিত হয়েছে।আইন বাস্তবায়ন কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি মো. ওয়াক্কাস বলেন, ‘হাইকোর্টের রায়কে আমরা শ্রদ্ধা করি। তবে জনগণের রায় বড়।’