চট্টগ্রাম বন্দরের ১২৩ বছরের ইতিহাসে গতকাল সোমবার মধ্যরাত থেকে প্রথমবারের মতো বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় শ্রমিক নিয়োগ করে পণ্য ওঠানো-নামানোর কাজ শুরু হয়েছে। নিয়োগ করা শ্রমিকদের দিয়ে গতকাল রাত ১২টায় প্রথম পালায় পণ্য ওঠানো-নামানোর কাজ করা হয়। আজ মঙ্গলবার সকাল আটটা থেকে দ্বিতীয় দফায় পণ্য ওঠানো-নামানোর কাজ চলছেবন্দর কর্তৃপক্ষ ১২টি জাহাজে ৫০টির মতো শ্রমিক গ্রুপ নিয়োগ দিয়েছে। সব মিলিয়ে কাজ শুরু করেছে দুই হাজারের মতো শ্রমিক। এবারই প্রথম আদালতের নির্দেশ মেনে বন্দর কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় শ্রমিক নিয়োগ এবং তাঁদের দিয়ে পণ্য ওঠানো-নামানোর কাজ করাচ্ছে। এর আগে কাজটি বেসরকারি বার্থ অপারেটর প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে করানো হতো। তবে এটা সাময়িক ব্যবস্থা বলে বন্দর কর্তৃপক্ষ ও বার্থ অপারেটর জানিয়েছে। চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) এস এম মোয়াজ্জেম হোসেন নিজস্ব ব্যবস্থাপনায় শ্রমিক নিয়োগ দিয়ে পণ্য ওঠা-নামানোর কাজ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। বার্থ অপারেটর প্রথা বিলুপ্তি নিয়ে স্টিভিডোরস প্রতিষ্ঠানগুলোর হাইকোর্টের রিট স্থগিত করা কিংবা না করার ব্যাপারে আদালতের কোনো নির্দেশনা না আসায় আদালত অমান্য হবে এমন আশঙ্কায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে এ কঠোর সিদ্ধান্ত নেয়। এর আগে টানা তিনদিন ধরে বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক ও প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক শেষে বন্দর নিজস্ব ব্যবস্থাপনায় কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হয়। এ ক্ষেত্রে সম্ভাব্য সমস্যা ও তা দূর করার ব্যাপারে সার্বিক প্রস্তুতিও বন্দর কর্তৃপক্ষ গ্রহণ করে বলে জানা যায়।প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকারের আমলে বন্দরের ব্যাপক সংস্কারের সময় চালু করা বার্থ অপারেটিং ব্যবস্থা স্থগিত করে আগের মতো স্টিভিডোরিং প্রথা চালুর আবেদন জানিয়ে পাঁচটি স্টিভিডোরিং প্রতিষ্ঠান হাইকোর্টে রিট করে। হাইকোর্টের একটি বেঞ্চ গত ২৫ মার্চ এ আবেদনের পরিপ্রেক্ষিতে বার্থ অপারেটর চালু-সংক্রান্ত ২০০৭ সালের বৈঠকের সিদ্ধান্ত এবং এ ব্যাপারে বন্দর কর্তৃপক্ষের আদেশ তিন সপ্তাহের জন্য স্থগিত করে রুল জারি করেন। বন্দর কর্তৃপক্ষ এই রুলের বিরুদ্ধে গত সপ্তাহে লিভ টু আপিল দাখিল করে চেম্বার জজ আদালতে। চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এই আপিলের ওপর শুনানি না করে তা প্রধান বিচারপতির কাছে পাঠান। প্রধান বিচারপতি তা আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহার আদালতে পাঠান। আপিলটি এখন শুনানি পর্যায়ে আছে বলে জানা গেছে।