নীলফামারীতে ছাত্রলীগ-শিবিরের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে গতকাল শনিবার ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের ঘটনার প্রতিবাদে আজ রোববার নীলফামারী সরকারি কলেজের সামনে কলেজ ছাত্রলীগ শাখা একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ ঘটনায় গতকাল দিবাগত মধ্যরাতে দুটি মামলা করা হয়। সদর থানার উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন ও ছাত্রলীগের সহসভাপতি আসাদুজ্জামান আরিফ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। মোয়াজ্জেম হোসেন জামায়াত-শিবিরের গ্রেপ্তারকৃত ২৫ জনসহ বেনামে আরও প্রায় ২৫০ জনকে আসামি করে একটি মামলা করেন। জামায়াত-শিবিরের ১০৬ জন নেতা-কর্মীর নামোল্লেখ করে ও বেনামে আরও প্রায় ১৫০ জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি করেন আরিফ। গ্রেপ্তারকৃত ২৫ জনের মধ্যে জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার আমির ও নায়েবে আমির রয়েছেন। বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত শহরে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। শিবিরকর্মীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নীলফামারী শহরে গতকাল বিকেলে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়।