আইপিএল নিয়ে সৃষ্ট বিতর্ক নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্মকর্তাদের দফায় দফায় বৈঠকের এক দিন পরই গতকাল শনিবার পদত্যাগ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আইপিএল চেয়ারম্যান লোলিত মোদি। মোদিবিরোধীরা যখন আইপিএল থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে একাট্টা তখনই নীরবতা ভেঙে মোদি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, কারও ক্ষমতা থাকলে তাঁকে সরিয়ে দিক। আইপিএলের অর্থকড়ি কেলেঙ্কারি নিয়ে যা রটেছে তার সবকিছুকেই মিডিয়া ট্রায়াল হিসেবে আখ্যায়িত করেছেন আইপিএল চেয়ারম্যান। তাঁর দাবি, সত্য এক দিন প্রকাশিত হবেই।কাল সোমবার মোদির ভবিষ্যত্ নির্ধারণে বসছেন বিসিসিআইর শীর্ষ কর্মকর্তারা। বোর্ডের বেশির ভাগ কর্মকর্তাই তাঁকে সরিয়ে দেওয়ার পক্ষে। ব্যাকফুটে থাকা মোদি এখনো পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল থাকায় পরিস্থিতি জটিল হচ্ছে। এমনকি আগামীকালের বৈঠকও তিনি বর্জন করতে পারেন বলে জানা গেছে। তবে পরিস্থিতি যেন আরও জটিল আকার ধারণ না করে সে জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইসিসির সভাপতি শারদ পাওয়ার। ভারতীয় রাজনীতি ও ক্রিকেটে এখনো তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে। মোদিকে বুঝিয়ে-শুনিয়ে একটু ‘কম্প্রোমাইজ’ করানোর চেষ্টা করছেন তিনি। একই সঙ্গে মোদির ওপর রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করারও চেষ্টা করছেন তিনি। তবে শেষ পর্যন্ত পাওয়ারের এ চেষ্টা কতটুকু সফল হবে তা নিয়ে নিয়ে শঙ্কা একটা থেকেই যাচ্ছে। মোদির মনোভাব থেকে অন্তত এখনো পর্যন্ত এটাই স্পষ্ট। মোদিকে সরিয়ে দেওয়ার জন্য মোদিবিরোধীরা আটঘাট বেঁধেই নেমেছেন। অবশ্য এ প্রশ্নে মোদি ছিলেন অনেকটাই নির্বিকার। কোনো প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত ছিলেন তিনি। গতকাল প্রায় পাঁচ দিন পর নাটকীয়ভাবে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে সরব ছিলেন আইপিএল চেয়ারম্যান। তিনি সেখানে বলেছেন, ‘অনেকেই সরে দাঁড়ানোর জন্য আমার ওপর চাপ সৃষ্টি করছে। কিন্তু আমি আপনাদের বলছি, এমনটা হবে না। যারা আমার পদত্যাগ চায় তারা পারলে আমাকে সরিয়ে দিক।’ এখানেই থামেননি মোদি। বলেছেন, ‘আইপিএল শেষ হোক। যারা আমাকে সরানোর চেষ্টা করছে আমিই তাদের সরিয়ে দেব।’শেষ পর্যন্ত মোদিকে যদি আইপিএল ছাড়তেই হয় তাহলে তাঁর জায়গায় বসানো হতে পারে ভারতীয় বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরকে। আইপিএলের গভর্নিং বডির সদস্যদের প্রথম পছন্দ মনোহর। এদিকে মোদি আগামীকালের বৈঠকে যোগ না দিলেও বৈঠকটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দিয়েছেন মনোহর।