পাওনা টাকা চাইতে গিয়ে খুন হলেন হোটেল ব্যবসায়ী
কক্সবাজারের টেকনাফে জাহাজপুরা বাজারে পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের হাতে খুন হয়েছেন হোসেন আহমেদ (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ী। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হোসেন আহমেদের হোটেলে মুসলিম মিয়া নামে এক ব্যক্তি অনেকদিন ধরে বাকিতে খেয়ে আসছিল। আজ সকালে মুসলিম মিয়া খেতে এলে হোসেন তাঁকে বকেয়া পরিশোধ করতে বলায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মুসলিম মিয়া ক্ষিপ্ত হয়ে হোসেনের মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। এ সময় পাশের দোকানদার মো. আবদুল্লাহ মুসলিম মিয়ার হাতে একটি ছুরি তুলে দেন। সেই ছুরি দিয়ে মুসলিম মিয়া হোসেনকে আঘাত করলে হোসেন ঘটনাস্থলেই মারা যান।পরে স্থানীয় লোকজন মুসলিম মিয়া ও আবদুল্লাহকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।বাহারছড়া ইউনিয়নের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাশরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’