পুঁজিবাজারে বিনিয়োগ করতে গেলে ঝুঁকি নিতে হবে: ড. মশিউর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বলেছেন, ঝুঁকি নেওয়ার মানসিকতা থেকেই পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীদের আসতে হবে। পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে সঠিক বিবেচনা ও বুদ্ধি দিয়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনে ডিএসইর ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, পুঁজিবাজারে নিবন্ধিত কিছু প্রতিষ্ঠান রয়েছে, যারা কখনোই বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয় না, নিজেদের প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরীক্ষা পরিচালনা করে না। তিনি এসব প্রতিষ্ঠানের ব্যাপারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দৃষ্টি আকর্ষণ করেন। তিনি এসইসির প্রতি বাজারের বর্তমান গতিশীলতা অক্ষুণ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান। জিয়াউল হক খন্দকার বলেন, পুঁজিবাজারে গড় লেনদেন বাড়লেও এখন পর্যন্ত এতে গভীরতা সৃষ্টি হয়নি। এজন্য শেয়ারের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর বন্ডসহ বিনিয়োগের অন্যান্য মাধ্যম সৃষ্টি করা উচিত বলে তিনি মনে করেন।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান বলেন, ‘বর্তমানে যে হারে বিনিয়োগ হচ্ছে, তা ধরে রাখার জন্য বাজারে শেয়ারের সরবরাহ বাড়াতে হবে।’ তিনি আরও বলেন, ‘যে ২৬টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পুঁজিবাজারে বিনিয়োগের কথা রয়েছে, তাদের দ্রুত বাজারে নিয়ে আসতে হবে।’