প্রক্রিয়া যাচাইয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ আমদানি নিয়ে ভারতের সঙ্গে অনুস্বাক্ষর প্রক্রিয়া চূড়ান্ত করার আগে তা যাচাইয়ের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া আনসার ও ভিডিপি সদস্যদের চাকরি আগের ১২ বছর থেকে কমিয়ে নয় বছরে স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। বিদ্যুৎ আমদানি-সংক্রান্ত কমিটিতে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান। গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় সে দেশের জাতীয় থার্মাল পাওয়ার কোম্পানি (এনটিপিসি) ও বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মধ্যে বিদ্যুৎ আমদানি বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়।নয় বছরেই আনসারের চাকরি স্থায়ীপ্রধানমন্ত্রীর প্রেস সচিব ব্রিফিংয়ে আরও বলেন, মন্ত্রিসভার বৈঠকে ব্যাটালিয়ান আনসার সংশোধন আইন-২০১০ চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, দৈনিক ভাতার ভিত্তিতে নয় বছর চাকরি করলেই আনসার ও ভিডিপি সদস্যদের চাকরি স্থায়ী করা হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছিলেন, তা বাস্তবায়নের জন্যই আইনটি সংশোধন করা হচ্ছে। এখন ১২ বছর পর তাঁদের চাকরি স্থায়ী হয়।প্রেস সচিব বলেন, পর্যটনশিল্পের উন্নয়নের লক্ষ্যে বৈঠকে বাংলাদেশ পর্যটন বোর্ড আইন-২০১০-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। বেসরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন-২০০০-এর সংশোধনীও এতে অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী এই কল্যাণ ট্রাস্টের সভাপতি হবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং সদস্যসচিব হবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। কমিটিতে শিক্ষক প্রতিনিধি এবং একজনের বদলে দুজন ভাইস-চেয়ারম্যান থাকবেন।বৈঠক সূত্র জানায়, বৈঠকে ‘আইনি ত্রুটির’ কারণে সম্প্রতি বন্ধ করে দেওয়া ‘চ্যানেল ওয়ান’ নিয়েও কিছু কথা হয়। চ্যানেল ওয়ান-সংক্রান্ত কাগজপত্র অ্যাটর্নি জেনারেল অফিসে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শ্রম এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের লেবানন সফর সম্পর্কে একটি প্রতিবেদনও উপস্থাপন করা হয়।