প্রতি জেলায় ট্রাইব্যুনাল গঠন
সরকার প্রায় এক লাখ ৮৯ হাজার ৬৬৩ একর অর্পিত সম্পত্তির তালিকা চূড়ান্ত করেছে। ইজারা (লিজ) দেওয়া এ সম্পত্তির তালিকা গেজেট আকারে ছাপানোর জন্য সরকারি ছাপাখানায় (বিজি প্রেস) পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়। তবে ইজারা না দেওয়া প্রায় পৌনে পাঁচ লাখ একর অর্পিত সম্পত্তির তালিকা তৈরি করতে গিয়ে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ নিয়ে নানা জটিলতাও তৈরি হচ্ছে। তবে তাঁরা বলছেন, এ সম্পত্তির তালিকাও শিগগিরই চূড়ান্ত হয়ে যাবে।অন্যদিকে তালিকাভুক্ত অর্পিত সম্পত্তি নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করে প্রত্যর্পণযোগ্য ব্যক্তিদের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে প্রত্যেক জেলায় একটি করে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। গতকাল সোমবার আইন মন্ত্রণালয় এ ট্রাইব্যুনাল গঠনের বিষয় চূড়ান্ত করে গেজেট আকারে ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠিয়েছে। প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ নিজ দায়িত্বের পাশাপাশি এসব ট্রাইব্যুনালের প্রধান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।জানতে চাইলে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব আশীষ রঞ্জন দাস ট্রাইব্যুনাল গঠনের বিষয় নিশ্চিত করে গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, আপাতত জেলা জজরা ট্রাইব্যুনালের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। পরে প্রয়োজন হলে আরও ট্রাইব্যুনাল করা হবে। দেশে ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অর্পিত সম্পত্তি একটি জটিল সমস্যা হিসেবে চিহ্নিত। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৫ থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব নাগরিক এ দেশ থেকে ভারতে চলে যান, তাঁদের স্থাবর সম্পত্তি তৎকালীন পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে নাম পরিবর্তন করে অর্পিত সম্পত্তি করা হয়।এ সম্পত্তি নানাভাবে দখল করাসহ এ নিয়ে ভয়াবহ বিরোধের ঘটনা এবং হাজার হাজার মামলা-মোকদ্দমা রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় অর্পিত সম্পত্তি মূল মালিক বা তাঁদের উত্তরাধিকারদের কাছে ফিরিয়ে দিতে একটি আইন করে। কিন্তু ক্ষমতা বদলের পর সেটি কার্যকর হয়নি। এবার ক্ষমতায় আসার পর তারা আগের আইনটি কিছু সংশোধন করে গত ১১ ডিসেম্বর সংসদে পাস করে। আইন হওয়ার ১৫০ দিনের মধ্যে প্রত্যর্পণযোগ্য সম্পত্তির জেলাওয়ারি তালিকা করে গেজেট আকারে প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। আইন পাসের পর ভূমি মন্ত্রণালয় দ্রুততার সঙ্গে মৌজাওয়ারি অর্পিত সম্পত্তির তালিকা তৈরি করে পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়। তাদের দুই ধরনের তালিকা পাঠাতে বলা হয়। এর মধ্যে ‘ক’ তফসিল মোতাবেক ইজারা দেওয়া সম্পত্তির তালিকা এবং ‘খ’ তফসিল অনুযায়ী ইজারা না দেওয়া সম্পত্তির তালিকা দিতে বলা হয়। ইতিমধ্যে লিজ দেওয়া সম্পত্তির তালিকা পেয়েছে ভূমি মন্ত্রণালয়।বিভাগওয়ারি অর্পিত সম্পত্তির চিত্র: ভূমি মন্ত্রণালয়ের সূত্রমতে, ‘ক’ তফসিলভুক্ত মোট অর্পিত সম্পত্তির মধ্যে ঢাকা বিভাগে আছে ৪৩ হাজার ৯৬৩ দশমিক ০৫৬১ একর। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে আছে ১৫ হাজার ৯২১ দশমিক ৩২২২৪৫ একর, রাজশাহীতে (রংপুর বিভাগসহ) ৪১ হাজার ৪০৬ দশমিক ৫৬৭২ একর, খুলনায় ৪২ হাজার ৬০২ দশমিক ৮১৪৯ একর, বরিশালে ১৮ হাজার ২৭৯ দশমিক ৭৫৭৬ একর এবং সিলেটে আছে ২৭ হাজার ৪৮৯ দশমিক ৪১৪৮ একর। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইজারা দেওয়া সম্পত্তির তালিকা করা গেলেও ইজারা না দেওয়া ‘খ’ তফসিলের তালিকা তৈরি করতে কিছুটা সময় লাগছে। কারণ এ সম্পত্তির মধ্যে দখল হয়ে যাওয়া সম্পত্তিও আছে। কাগজপত্র নিয়েও রয়েছে নানা সমস্যা। মাঠপর্যায়ের ভূমি কর্মকর্তারা এ তালিকা করতে গিয়ে দেখছেন, কোথাও কোথাও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়ে আছে। আবার কোথাও কোথাও অর্পিত সম্পত্তি ব্যক্তিমালিকানাধীন হয়ে আছে। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১০-১২ দিনের মধ্যে এ তালিকাও চূড়ান্ত হয়ে যাবে। ইতিমধ্যে কোনো কোনো জেলা থেকে এ তালিকাও পাঠানো হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের আগের হিসাব অনুযায়ী ইজারা না দেওয়া অর্পিত সম্পত্তির পরিমাণ চার লাখ ৭০ হাজার ৫৫৮ একরের কিছু বেশি। তবে এখন তালিকাভুক্ত করার সময় এ সংখ্যা কিছু কমবেশি হতে পারে। আইন অনুযায়ী, আগামী ১০ মের মধ্যে তালিকা গেজেট আকারে প্রকাশ করতে হবে। জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আশা করছি, পুরো অর্পিত সম্পত্তির তালিকা শিগগিরই চূড়ান্ত হয়ে যাবে।’ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তালিকা হওয়ার পর প্রত্যর্পণযোগ্য সম্পত্তির মালিক নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে পারবেন। এরপর আইনি প্রক্রিয়া শেষে রায় ও অর্পিত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার কাজটি সম্পন্ন হবে।